স্টাফ রিপোর্টার ॥ করোনায় ফের মৃত্যু বাড়ছে যশোরে। গত কয়েকদিনে করোনা সংক্রমণ ও মৃত্যু অনেকটা কমতে থাকলেও গতকাল মঙ্গলবার করোনার মৃত্যুর হার বেড়েছে। এ দিন করোনা আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন মোট ৬ জন। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, জেলায় করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও মৃত্যুর হার মাঝে মধ্যে উঠানামা করছে। যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বলেন, মঙ্গলবার ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৪ জন এবং উপসর্গ ছিল এক জনের। একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়ার রায়পুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী কাকলী (২৬) করোনা উপসর্গে মারা গেছেন বলে তার স্বজনরা দাবি করেছেন। মৃত গৃহবধূ কাকলীর দেবর তুহিন বলেন, তার ভাবি বেশ কয়েকদিন ধরে জ্বর ও সর্দি কাঁশিতে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানাগেছে, মঙ্গলবার পর্যন্ত হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ২৬ এবং ইয়েলো জোনে ১৯ জন। এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয় যশোরের ২১৮ টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ শতাংশ। জেলা সিভিল সার্জন ডা. সেখ আবু শাহীন বলেন, যশোর জেলায় করোনা সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে। এখন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, সবাই যদি সচেতন হয় তাহলে অবশ্যই সামনের দিনগুলি আমাদের জন্য ভালোভাবে যাবে।





