যশোরে বিসিবি পরিচালকের মতবিনিময়

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরের খেলাধূলার মান উন্নয়নে কাজ করতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী ইনাম আহমেদ। গতকাল মঙ্গলবার জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক কল্যাণের লক্ষ্যে ক্রীড়া সংগঠক ও সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের কাজীপাড়াস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কাজী ইনাম আহমেদ আরও বলেন, শুধু যশোর নয় দেশের অন্যান্য জেলাগুলোতেও ক্রীড়াঙ্গনের সুযোগ-সুবিধার দিক থেকে অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে মাঠের দিক দিয়ে বড় একটি সমস্যা রয়েছে। যে কারণে জেলাগুলোতে ক্রিকেট বা ফুটবলের নিয়মিত লিগ সম্পন্ন করা যায় না। ঠিক একইভাবে অন্যান্য খেলাগুলোর ক্ষেত্রেও একই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তিনি যশোরে বিকল্প জায়গা পেলে বিসিবি থেকে টাকা এনে মাঠ নির্মাণের ঘোষণা দেয়ার পাশাপাশি, জেলার খেলাধূলার মান উন্নয়নে কাজ করার ঘোষণা দেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক খান মোহাম্মদ শফিক রতন, শরিফুল ইসলাম সরু চৌধুরী, ওয়াজেদ আলী, সাবেক জাতীয় সৈয়দ রাসেল, ক্রীড়া সংগঠক মফিজুল ইসলাম ডাবলু, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, জেলা শ্রমিক লীগ নেতা জবেদ আলী প্রমুখ।

ভাগ