প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর বিএনপির কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥ আজ পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ বুধবার যশোর জেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কবর জিয়ারত, করোনা ওষুধ ও সুরক্ষাসামগ্রী প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল। সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০টায় কারবালা কবরস্থানে দলের বৃহত্তর যশোরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হবে। বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির করোনা হেল্প সেলসমূহের মাঝে ওষুধ ও করোনার সুরক্ষাসামগ্রী প্রদান করা হবে। বেলা তিনটায় একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ সময় দলের প্রয়াত সকল নেতা-কর্মীসহ করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করা হবে।

ভাগ