বেটিং-ফিক্সিং কাণ্ডে আরামবাগের শাস্তি
স্পোর্টস ডেস্ক॥ দুই বছর আগে ক্যাসিনো কাণ্ডে জেরবার আরামবাগ ক্রীড়া সংঘ ক’দিন আগে অবনমিত হয়ে গেছে প্রিমিয়ার লিগ থেকে। নতুন মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে খেলে ফের প্রিমিয়ারে ওঠার সুযোগ ছিল তাদের। কিন্তু সেই সুযোগ তারা পাচ্ছে না। বেটিং-ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় তাদের দুই বছরের জন্য নামিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগে। রবিবার এক বিবৃতিতে বিষয়টি জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আরামবাগ প্রথম বিভাগ থেকে প্রমোশন পেলেও তা আগামী দুই মৌসুম কার্যকর হবে না। সেই সঙ্গে ৫ লক্ষ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে ক্লাবটিকে। চলতি প্রিমিয়ার লিগে লাইভ বেটিং, ম্যাচ ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন ও অনলাইন বেটিংয়ের অভিযোগ উঠেছিল আরামবাগের বিপক্ষে। তার প্রেক্ষিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ‘অধিকতর তদন্তের’ নির্দেশনা দিয়েছিল বাফুফেকে। বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে ক্লাবটির বেশ কিছু কর্মকর্তা ও খেলোয়াড়ের। ক্লাবের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর, ভারতীয় ট্রেনার মাইদুল ইসলাম ও সহকারী ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় ফিজিও সঞ্চয় বোস ও এজেন্ট আজিজুল শেখ ১০ বছর নিষিদ্ধ হয়েছেন। দলটির গোলরক্ষক আপেল মাহমুদ ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন খেলোয়াড় আবুল কাশেম, আল আমিন, মোহাম্মদ রকি, জাহিদ হোসেন, রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত ও শামীম রেজা। এ ছাড়া দলটির খেলোয়াড় ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ ও মিরাজ মোল্লাকে ২ বছরের জন্য ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে।
দলের সঙ্গে যোগ দিয়েই অনুশীলনে দুই প্রবাসী ফুটবলার
স্পোর্টস ডেস্ক॥ ফ্রান্স ও কানাডা থেকে গত রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও রাহবার ওয়াহেদ খান। দুজনে সোমবার অনুশীলন করেছেন দলের সঙ্গে। জাতীয় দলের কোচ জেমি ডে জানিয়েছেন, কিরগিজস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্ট সামনে রেখে কিছু পরিকল্পনা নিয়ে কাজ শুরুর কথা। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ডে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে দল। এদিনের প্রস্তুতিতে সেট পিস নিয়ে কাজ করা হয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন জেমি। “এখানে আসার পর ভালো দুটি ট্রেনিং সেশন করলাম আমরা। আসন্ন ম্যাচগুলো সামনে রেখে কিছু আইডিয়া নিয়ে কাজ করছি; ছেলেরা ভালোভাবে চেষ্টা করছে সেগুলো রপ্ত করার। সামনের কয়েকদিনের অনুশীলনের দিকে তাকিয়ে আছি। তাহমিদ ও রাহবার আজ দলের সঙ্গে যোগ দিয়েছে। সকালের সেশনে অনুশীলন করেছে।” প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলন করে রোমাঞ্চিত তাহমিদ ও রাহবার। ১৮ বছর বয়সী তাহমিদ খেলেন ফ্রান্সের ইউএসএসএ ভারতু ক্লাবের হয়ে। তরুণ এই মিডফিল্ডার জানান সেরা একাদশে ঠাঁই পাওয়ার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরুর কথা। “গতকাল রাতে দলের সঙ্গে যোগ দিয়েছি। আজ অনুশীলন করে আনন্দবোধ করছি। আমি চাই, আরও ভালো খেলে সেরা একাদশে যেন ঢুকতে পারি। আশা করি, সেটা হবে। আমাদের জন্য দোয়া করবেন। কানাডা প্রবাসী রাহবার খেলেন দেশটির নর্থ টরেন্টো সকার ক্লাবের হয়ে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডও পাখির চোখ করেছেন সেরা একাদশে জায়গা করে নেওয়াকে। “জাতীয় দলের সঙ্গে আজ প্রথম অনুশীলন করলাম। সব মিলিয়ে সবকিছু ভালো ছিল। সবাই ভালোভাবে স্বাগত জানিয়েছে। ভালো অনুশীলন হয়েছে। ভালো লাগছে। সবাই সুস্থ আছে। পরের ট্রেনিং সেশনের জন্য মুখিয়ে আছি। আশা করি, সেরা একাদশে ঢুকতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো খেলতে পারি।” আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে আগামী ২ থেকে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতায় অপর দুটি দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ও ফিলিস্তিন। ৫ সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। জেমি ডের দল ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান ও দুই দিন পর কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে।
মেসির অভিষেকে পিএসজির জয়ের নায়ক এমবাপে
স্পোর্টস ডেস্ক॥ সবার নজর আটকে ছিল পিএসজির বেঞ্চে, কখন নামবেন লিওনেল মেসি। শেষ হলো অপেক্ষা, মাঠে নামলেন সাবেক বার্সেলোনা তারকা। তার আগেই অবশ্য জোড়া গোল করে ম্যাচের গতিপথ ঠিক করে দেন কিলিয়ান এমবাপে। রাঁসের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ১২টি শট নেয় পিএসজি, যার মাত্র তিনটি ছিল লক্ষ্যে। কম যায়নি প্রথম তিন রাউন্ডেই ড্র করে আসা রাঁসও। তাদের ১১ শটের চারটি ছিল লক্ষ্যে। দুই পক্ষের শক্তির বিবেচনায় পিএসজির জয়টা প্রত্যাশিতই ছিল। মূল ফোকাসটা ছিল বার্সেলোনায় ২১ বছর কাটিয়ে আসা মেসির অভিষেক। এ মাসের মাঝামাঝি যা কারোর ভাবনাতেও ছিল না, সেটিই আনুষ্ঠানিকভাবে বাস্তবে ধরা দিল। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা ব্যতীত অন্য কোনো জার্সিতে মাঠে নামলেন আর্জেন্টাইন তারকা। গোল করে বা করিয়ে নতুন শুরুটা রাঙাতে না পারলেও বল পায়ে পুরনো জাদু দেখানোর আভাস ঠিকই দিয়েছেন তিনি। তারকায় ঠাসা পিএসজি নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় কিছুটা। প্রথম আট মিনিটে যে কয়েকটি আক্রমণ হয়, সবকটিই রাঁসের। তার কোনোটিই অবশ্য প্রতিপক্ষকে তেমন ভাবনায় ফেলতে পারেনি। দশম মিনিটে প্রথম আক্রমণ শানায় পিএসজি। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিলেও পাশের জালে মারেন এমবাপে। ছয় মিনিট পর তার নৈপুণ্যেই এগিয়ে যায় শিরোপাপ্রত্যাশীরা। ডান দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রসে হেডে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি। প্রথমার্ধেও বাকি সময়ে বল দখলে একচেটিয়া আধিপত্য করে পিএসজি। তারপরও বিরতির আগে তাদের আর কোনো সুযোগ তৈরি করতে না পারাটা ছিল হতাশাজনক। উল্টো ৪২তম মিনিটে তো বিপদেই পড়তে বসেছিল দলটি। ২০ গজ দূর থেকে মোরেতো কাসামার আচমকা শট পোস্টের ওপরের দিকে লাগলে বেঁচে যায় গতবারের রানার্সআপরা। ৫১তম মিনিটে মার্শাল মুনেতসি খুব কাছ থেকে বল জালে পাঠালে উল্লাসে মাতে রাঁস। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এরপরও বেশ খানিকটা সময় চাপ ধরে রেখেছিল স্বাগতিকরা, কিন্তু সুবিধা করতে পারেনি। ৬৩তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডান দিক থেকে আক্রমণে ওঠা আশরাফ হাকিমি কিছুটা এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে বল বাড়ান, ছুটে গিয়ে অনায়াসে টোকায় বাকি কাজ সারেন বিশ্বকাপ জয়ী তারকা। কোপা আমেরিকার ফাইনালের দেড় মাসের বেশি সময় পর প্রথম ম্যাচ খেলতে নেমে আলো ছড়াতে পারেননি নেইমার। তিন মিনিট পর তাকে তুলে মেসিকে নামান কোচ। গ্যালারি থেকে ভেসে আসছিল প্রিয় তারকার নামে চিৎকার। মাঠে নামার পাঁচ মিনিট পর একজনকে এড়িয়ে এগিয়ে যাওয়ার পথে ফাউলের শিকার হন মেসি। কিছুক্ষণ পর প্রতিপক্ষের থেকে বল কেড়ে বাড়ান এমবাপেকে। তিনি নতুন সতীর্থকে ফিরতি পাস দেওয়ার চেষ্টা করেছিলেন; কিন্তু মাঝপথে বাধা পায়। শেষ দিকে আরও একবার কড়া ট্যাকলের শিকার হন মেসি। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো পক্ষই। মেসি ছাড়াও আলোচনায় আছেন এমবাপে। গণমাধ্যমে গুঞ্জন, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছাতেই পিএসজির নতুন চুক্তিতে রাজি হচ্ছেন না তিনি। ক্লাবটির পক্ষ থেকেও মাঝে বলা হয়েছে, চলে যেতে চান এমবাপে। রিয়ালও নাকি বড় অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছে। তবে মাঠে তার পারফরম্যান্সে সেসবের কোনো ছাপ ছিল না। শতভাগ নিংড়ে দিয়ে তিনিই জয়ের নায়ক। চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অঁজি।
বিশ্বকাপ দল নিউজিল্যান্ড সিরিজের আগেই চেয়েছিলেন কোচ
স্পোর্টস ডেস্ক॥ আগামী অক্টোবরে ওমানে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। সেখানে প্রথম পর্বের বাধা পেরোতে পারলেই সংযুক্ত আরব আমিরাতে ‘আসল’ লড়াইয়ের সুযোগ মিলবে লাল-সবুজ জার্সিধারীদের। এই বিশ্বকাপ অভিযানে কেমন দল পাচ্ছেন, নিউজিল্যান্ড সিরিজের আগেই জানতে চেয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দল ঘোষণা করার সময় এখনও হাতে আছে। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ইতিমধ্যে তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ তারিখ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইচ্ছা ৩-৪ সেপ্টেম্বরের মধ্যেই জানিয়ে দেবে বিশ্বকাপ দল। তবে প্রধান কোচ ডমিঙ্গো মনে করেন, নিউজিল্যান্ড সিরিজের আগে দল দিয়ে দিলে খোলা মন নিয়ে ক্রিকেটাররা সিরিজটি খেলতে পারতেন। আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ শেষে নির্বাচকদের দল ঘোষণার করার কথা। কিন্তু ডমিঙ্গো মনে করেন, বিশ্বকাপ দলটি আগেভাগে দেওয়া উচিত ছিল। কেন তার এই ভাবনা, সেটিও ব্যাখ্যা করেছেন বাংলাদেশের প্রধান কোচ। ডমিঙ্গো বলেছেন, ‘আমার জানা মতে, নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার দুই-একদিন আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। আমি মনে করি, আমাদের স্কোয়াড কেমন হতে পারে, সেই ধারণা আমাদের রয়েছে। ভালো হতো যদি নিউজিল্যান্ড সিরিজে আগে স্কোয়াড ঘোষণা করা যেতো।’ কথাটা শেষ করেই আবার ডমিঙ্গো বললেন, ‘তাহলে খেলোয়াড়রা নিশ্চিন্ত থাকতে পারতো। তারা মাঠে যেতো, খোলা মন নিয়ে ক্রিকেট খেলতে পারতো। ভেতরে ভয় থাকতো না যে, বিশ্বকাপের জন্য নির্বাচিত হতে হবে বা এমন কিছু। এই মুহূর্তে মনে হচ্ছে না, এমন কিছু সম্ভব।’
নিউজিল্যান্ড সিরিজে কিপিং করবেন মুশফিক-সোহান দু’জনই!
স্পোর্টস ডেস্ক॥ জিম্বাবুয়ে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব সামলেছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড সিরিজে মুশফিকুর রহিমের ফেরার পর গ্লাভস জোড়া কার হাতে উঠবে- এমন প্রশ্ন উঠেছিল। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, মুশফিক ও সোহান দু’জনই কিপিংয়ের দায়িত্ব সামলাবেন। তবে দু’জনের জন্য এটি একটি পরীক্ষা! মূলত প্রথম দুই টি-টোয়েন্টিতে সোহানের ওপর আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। তবে শেষ ম্যাচটি তিনিই কিপিং করবেন, যিনি আগের দুটি ম্যাচে ভালো করেছেন। সবমিলিয়ে তাই অভিজ্ঞ মুশফিকের জন্যও এটি একটি অগ্নি পরীক্ষা।
সোহান অবশ্য জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন তিন বছর পর। কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মুগ্ধ করেছেন এই সময়। কিন্তু মুশফিক ফেরার পর আলোচনা শুরু হয় যে, সোহানের হাতে গ্লাভস জোড়া দেখা যাবে কিনা! কারণ দিনের অনুশীলনেও এর জবাব পাওয়া যাচ্ছিল না। মুশফিক কিপিং অনুশীলন করলেও সোহানকে দেখা গেছে লং ক্যাচ অনুশীলন করতে। রবিবার অবশ্য মুশফিকও গ্রাউন্ডস ফিল্ডিং অনুশীলন করেছেন। তাই সোমবার বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিষ্কার করলেন বিষয়টা, ‘নিশ্চিতভাবেই সোহান কিপিং করবে। প্রথম দুই ম্যাচে তার হাতে গ্লাভস থাকবে। আমরা পরিকল্পনা করেছি এই সিরিজে উইকেট কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করবো। সোহান ও মুশফিক দুটি করে ম্যাচে দায়িত্ব পালন করবে। এখানে যে কাজগুলো ভালোভাবে করবে, পঞ্চম ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া হবে।’
বাংলাদেশকে লজ্জায় ডোবানো ভারতীয় ক্রিকেটারের অবসর
স্পোর্টস ডেস্ক॥ স্টুয়ার্ট বিনিকে ভালো করেই মনে রাখার কথা বাংলাদেশের। ২০১৪ সালে তার কারণেই ওয়ানডেতে ৫৮ রানে অলআউটের লজ্জায় ডুবেছিল মুশফিকুর রহিমরা। সেই বিনি বিদায় বলেছেন সব ধরনের ক্রিকেটকে। দ্বিতীয় ওই ওয়ানডেতে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু স্বাগতিকরা ব্যাট করতে নামলে এক বিনির কাছেই অসহায় হয়ে পড়ে সবাই। ওই ম্যাচে এই মিডিয়াম পেসার ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন। যা আবার ওয়ানডেতে কোন ভারতীয় বোলারের সেরা বোলিং ফিগারও! ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার রজার বিনির ছেলে স্টুয়ার্ট বিনি বলেছেন, ‘দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য দারুণ আনন্দের। আমার ক্রিকেট ক্যারিয়ারে বিসিসিআইয়ের অবদানের কথা স্বীকার করতেই হবে।’ ৩৭ বছর বয়সী বিনি ভারতের হয়ে সব মিলে ২৩টি ম্যাচ খেলতে পেরেছেন। এর মধ্যে ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি রয়েছে। বিনি ওয়ানডে দলের নিয়মিত সদস্য হিসেবে ডাক পেলেও খেলার সুযোগ সেভাবে বলতে গেলে পাননি। ২০১৫ বিশ্বকাপেই যেমন কোন ম্যাচ খেলার সুযোগ পাননি। তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০১৬ সালে। বিপরীতে তার প্রথম শ্রেণির ক্যারিয়ারটা সমৃদ্ধ। খেলেছেন ১৭ বছর। তবে খেলা ছাড়লেও ক্রিকেট পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না বিনি। তিনি এনসিএর লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ। জানিয়েছেন, কোচিং ক্যারিয়ারের দিকেই এখন ঝুঁকবেন তিনি।





