মার্কিন ড্রোন হামলায় ছয় শিশুসহ আফগান পরিবারের ৯ জন নিহত
লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের বিস্ফোরক ভর্তি গাড়িতে’ যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় তিন শিশুসহ এক পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য দিয়েছে। রবিবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ওই হামলায় একাধিক ‘আত্মঘাতী হামলাকারী’ নিহত হয়েছিল যারা বিমানবন্দরে হামলা করতে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবারের হামলায় কমপক্ষে তিন শিশুসহ ছয় বেসামরিক নাগরিক নিহত হন। কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা বলছে, হামলায় এক পরিবারের নয় সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে ছয় শিশু রয়েছে। হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ জঙ্গি হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স-আইএসকেপি। পরদিন শুক্রবার আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় কাবুলে হামলার পরিকল্পনাকারীসহ আইএসকেপির দুই জঙ্গি নিহত হন। নতুন করে বিমানবন্দরে হামলার আশঙ্কার পর রবিবার ‘আত্মঘাতী বোমা হামলাকারীদের বিস্ফোরক ভর্তি গাড়িতে’ ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।
আরেকটি ৯/১১-এর হুঁশিয়ারি পাকিস্তানি উপদেষ্টার, পরে অস্বীকার
লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) মোয়িদ ইউসুফ ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস এর সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বকে একটি সাক্ষাৎকার দেন। গত ২৮ আগস্ট প্রকাশিত এই সাক্ষাৎকারে ইউসুফ পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেন, তালেবানকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া না হলে আরেকটি ৯/১১ হামলার ঝুঁকি রয়েছে। তবে পরে পাকিস্তানের এই উপদেষ্টা দাবি করেছেন, তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। রবিবার মোয়িদ ইউসুফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট ‘তালেবানের সঙ্গে কাজ করুন অথবা ১৯৯০ দশকের ভয়াবহতার পুনরাবৃত্তি হবে, বলা হলো পশ্চিমকে’ শিরোনামের সাক্ষাৎকারটিতে ইউসুফকে ব্যাপক ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউসুফ এবং ল্যাম্বের মাঝে যে আলাপচারিতা হয়েছে তা থেকে প্রকাশিত সাক্ষাৎটি অনেক ভিন্ন। এনিয়ে যুক্তরাজ্যের পাকিস্তান হাই কমিশন থেকে পত্রিকাটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। পুরস্কার জয়ী সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্ব দ্য সানডে টাইমসের প্রধান বৈদেশিক প্রতিনিধি। ওই সাক্ষাৎকারে মোয়িদ ইউসুফকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমার কথা চিহ্নিত করে রাখুন… নব্বই দশকের ভুল যদি আবারও করা হয় এবং আফগানিস্তানকে পরিত্যাগ করা হয়, তাহলে এর ফলাফলও একই হবে- একটা নিরাপত্তা শুন্যতা পূরণ করবে অনাকাক্সিক্ষত উপাদান যারা পাকিস্তা, পশ্চিম সবাইকেই হুমকিতে ফেলবে।’ যুক্তরাজ্যের শেষ সামরিক ফ্লাইট কাবুল ছাড়ার দিনেই প্রকাশিত হয় ওই সাক্ষাৎকারটি। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দুই সপ্তাহে যুক্তরাজ্য প্রায় ১৫ হাজার মানুষ দেশটি থেকে সরিয়ে নিয়েছে।
ভারতে রহস্যজনক জ্বরে শিশুসহ ৬৮ জনের মৃত্যু
লোকসমাজ ডেস্ক॥ গত এক সপ্তাহে রহস্যজনক জ্বরে আক্রান্ত হয়ে ভারতে ৬৮ জন মারা গেছেন। এরমধ্যে ৪০ শিশু রয়েছে। দেশটির উত্তর প্রদেশে সম্প্রতি অজানা জ্বরে এমন মৃত্যু ঘটেছে। মৃতদের বেশিরভাগের উচ্চ জ্বর, পানিশূন্যতাসহ একাধিক উপসর্গ ছিল। এতে নতুন করে ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। দুইমাস আগেও করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত দেখেছে ভারত। ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট ফাঙ্গাসের মতো প্রাণঘাতী রোগে ভুগেছে এশিয়ার এই দেশটির বহু মানুষ। তবে পরিস্থিতি আগের চেয়ে ভালো অবস্থানে। এর মধ্যে অজানা জ্বরের খবরে ছড়িয়েছে দেশটিতে। উত্তর প্রদেশের আগ্রা, মথুরা, মইনপুরী জেলা থেকে রহস্যজনক জ্বরে মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রদেশটির ফিরোজাবাদে এমন রোগী সবচেয়ে বেশি। অনেকের আবার ডেঙ্গুর লক্ষণ রয়েছে। জেলাগুলোর পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে বিধানসভার সদস্য মণীশ অসিজা। তার মতে, জলাবদ্ধতা, স্যানিটেশনের অভাব এবং স্বাস্থ্যবিধি না মানায় এই রোগ দেখা দিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসেছে, ফিরোজাবাদ মেডিক্যাল কলেজে ১৩৫-এর মধ্যে ৭২ শিশুর অবস্থায় গুরুতর। তাদের মধ্যে ৫০ শতাংশের ডেঙ্গুর লক্ষণও রয়েছে।




