স্বামীর সম্পদের হিসাব চাওয়ায় বিধবা নারীকে মারধরের অভিযোগ

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার ধলাইতলা গ্রামে স্বামীর সম্পদের হিসাব চাওয়ায় এক বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, ইতনা ইউনিয়নের ধলাইতলা গ্রামের মৃত ছিরু শেখের মেয়ে জাহানারা বেগমের (৪৫) সাথে ১৫ বছর আগে একই গ্রামের ধৈত শেখের ছেলে খৈশদেল শেখের বিয়ে হয়। বিয়ের পর ১৪ বছর স্বামী ও স্ত্রী ভারতে বসবাস করেন। গত ৮ মাস আগে ভারতের গুজরাটে স্বামী খৈশদেল শেখের মৃত্যু হয়। ভারতে স্বামী ও স্ত্রীর আয় করা টাকা বাংলাদেশে অবস্থানকারী সেকেন্দার শেখ, ইব্রা শেখ, জামির শেখ, রজমান শেখের নামে পাঠানো হতো। ইব্রা শেখ ও জামির শেখের পিতা ধৈত শেখ। আর রমজানের পিতা খৈশদেল শেখ। ইব্রা শেখের ছেলে সেকেন্দার শেখ। অর্থাৎ অভিযুক্তরা নির্যাতনের শিকার ওই নারীর স্বামীর আগের পক্ষের স্ত্রীদের সন্তান ও দেবর। গত শুক্রবার বিকেলে স্বামীর বাড়িতে গিয়ে টাকাসহ স্বামীর সম্পত্তির হিসাব চান বিধবা নারী জাহানারা বেগম। এসময় অভিযুক্তরা তাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। আহত নারী সন্ধ্যায় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ওসি শেখ আবু হেনা মিলন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাগ