ডাক্তার বলেছে দ্রুত ক্রিকেট থেকে দূরে সরে যেতে: পাপন
স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, চিকিৎসকেরা তাকে যত দ্রুত সম্ভব ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন পাপন। আসন্ন নির্বাচনে আবারো সভাপতি পদে নির্বাচন করবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে। অনেক বেশিই সময় নিচ্ছেৃ। আমার একটা খারাপ ব্যাপার হচ্ছে, হারলে তা মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। বউ-বাচ্চারা কেউ তখন আমার সামনে আসে না। ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে, ক্রিকেট থেকে যত দ্রুত সম্ভব, দূরে সরে যেতে।’ যোগ করেন, ‘অন্তত, বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি (বেশি সম্পৃক্ত হওয়া)। আপনাদের জানানোর জন্য বলে রাখলাম। অনেক বেশি সময় নিচ্ছে।’ নাজমুল হাসান পাপন ২০১২ সালের অক্টোবরে সরকার মনোনয়নে বিসিবি সভাপতির দায়িত্ব নেন নাজমুল হাসান। পরের বছরের অক্টোবর নির্বাচনে জয়ী হন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দায়িত্ব পান তিনি। সেই মেয়াদ শেষ হচ্ছে এবার। বিসিবির বার্ষিক সাধারণ সভা প্রতি বছর হওয়ার কথা থাকলেও এবার হলো চার বছর পর। নির্বাচনের তারিখ ঘোষণা প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা এজিএমে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১ সেপ্টেম্বর বোর্ড সভাতে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করব।’
পাকিস্তান ক্রিকেট বোডের চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজাই
স্পোর্টস ডেস্ক॥ পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে প্রস্তুত দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত পৌঁছেছেন তিনি। পিসিবির প্রধানের চেয়ারে এহসান মানির স্থলাভিষিক্ত হবেন রমিজ। রমিজ এবং এহসান মানি দুজনেই সোমবার পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকের পর রমিজ জানিয়েছিলেন, ‘আমি আমার পরিকল্পনার কথা তাকে (ইমরান খান) জানিয়েছি। উনি আমাকে ফোন করবেন বলেছেন’। পুরো সিদ্ধান্তটাই নির্ভর করছিল প্রধানমন্ত্রীর উপর। তিন দিন পর শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেল। রমিজ জানিয়েছে, তিনি এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার লক্ষ্য হবে, পাকিস্তান ক্রিকেটের উন্নতি করা’। পাক ক্রিকেট বোর্ডের প্যাট্রন-ইন-চিফ পদে রয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি একেবারেই চাননি, বর্তমান চেয়ারম্যান এহসান মানি চলতি মাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পিসিবির চেয়ারম্যান পদে থেকে যান। অন্য একটি সূত্র আবার জানিয়েছেন, এহসান মানি নাকি শারীরিক অসুস্থতার কারণেই চেয়ারম্যান পদে থাকতে আর রাজি হননি। তবে শেষ পর্যন্ত ইমরান খানের পরামর্শ মেনেই চেয়ারম্যান পদের পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেতে যাওয়া রমিজ ইমরানের নেতৃত্বে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ৫৯ বয়সী রমিজ এর আগে পিসিবির প্রধান এক্সিকিউটিভ অফিসার ছিলেন। ৫৭ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার তার। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৫ টেস্ট ও ২২ ওয়ানডেতে। বর্তমান প্রজন্ম অবশ্য তাকে ধারাভাষ্যকার হিসেবেই বেশি চেনে।
সাউদিকে দলে নিল সাকিবের কলকাতা
স্পোর্টস ডেস্ক॥ স্থগিত থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোর জন্য টিম সাউদির সঙ্গে চুক্তি করেছে কলকাতা নাইট রাইডার্স। নিউজিল্যান্ড পেসার কেকেআরে সতীর্থ হিসেবে পাবেন সাকিব আল হাসান-আন্দ্রে রাসেলদের। সাউদির সঙ্গে চুক্তির বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে কলকাতা। ব্যক্তিগত কারণে আইপিএলের দ্বিতীয় লেগ খেলতে না পারা অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের পরিবর্তে কিউই পেসারকে দলে নিল ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ৬ বছর আইপিএলে খেলেছেন সাউদি। কিন্তু গত বছরের নিলামে অবিক্রীত রয়ে যান তিনি। আইপিএলে সর্বশেষ তাকে দেখা গেছে ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে। তবে সেবার দলটির হয়ে তিন ম্যাচ খেলার সুযোগ হয় তার। ৩২ বছর বয়সী ডানহাতি পেসার এর আগে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও খেলেছেন। আইপিএলে এখন পর্যন্ত মোট ৪০ ম্যাচ খেলে ৮.৪৭ ইকোনমি রেটে ২৮ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় নিউজিল্যান্ডার হিসেবে কেকেআরের স্কোয়াডে যোগ দিলেন সাউদি। এর আগে, আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসিকে দলে নেয় মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। স্থগিত থাকা আইপিএলে আরও ৩১ ম্যাচ বাকি আছে।
চুপো-মোটিং একাই করলেন ৪, বায়ার্ন জিতল ১২ গোলে
স্পোর্টস ডেস্ক॥ গোলের বন্যা বইয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপের প্রথম রাউন্ডে পঞ্চম স্তরের দল ব্রেমের এসভিকে ১২-০ গোলে ডোবাল হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। তার মধ্যে ৪ গোল করেছেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। ম্যাচের অষ্টম মিনিটে বায়ার্নের গোল উৎসব উদ্বোধন করেন তিনি। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন ক্যামেরুন ফরোয়ার্ড। ৮২তম মিনিটে করেন নিজের চতুর্থ গোল। কেবল গোল করে ক্ষান্ত হননি চুপো-মোটিং। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল। জোড়া গোল করেছেন জামাল মুসিয়ালা। ১২ গোলের মধ্যে বায়ার্ন এক গোল পেয়েছে প্রতিপক্ষের ভুলে। চুপো-মোটিং-মুসিয়ালার পাশাপাশি ২৭তম মিনিটে আত্মঘাতী গোলে স্কোরবোর্ডে নাম লেখা ব্রেমেরের ডিফেন্ডার ওয়ার্ম। এছাড়া বায়ার্নের স্কোরবোর্ডে নাম লিখিয়েছেন মালিক টিলম্যান, লেরয় সানে, মাইকেল কুইসেন্স, বৌনা সার ও কোরেন্টিন তোলিসো। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে মোট ৩৭টি শট নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়ে ব্রেমের। ৭৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ডিফেন্ডার নোবিল। সেই সুযোগ নিতে ভুল করেনি বায়ার্ন। শেষদিকে ৪ গোল হজম করে ব্রেমের। এই চার গোলই তারা খেয়েছে ৮০ মিনিট থেকে। গত ২৪ বছরের মধ্যে এটিই বায়ার্নের সর্বোচ্চ ব্যবধানের জয়। ১৯৯৭ সালে ডিজেকে ওয়ার্ডবার্গকে ১৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মান জায়ান্টরা।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে থাকবে দর্শক
স্পোর্টস ডেস্ক॥ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ৫ সেপ্টেম্বর সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই ব্রাজিলের মাঠে ফিরবে দর্শক। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ম্যাচটি সাও পাওলো রাজ্যে বড় ক্রীড়া ইভেন্টে ভক্তদের উপস্থিতির জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে’। গত বছর করোনা প্রাদুর্ভাবের পর থেকেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে ব্রাজিলে। তবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সীমিত পরিসরে দর্শক ফেরানো হবে। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার ২৩৪জন হলেও ১২ হাজার দর্শক মাঠে বসে দুই চীরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ পাবেন।
দুটি জাতীয় দল গঠনের ঘোষণা দিলেন বোর্ড সভাপতি
স্পোর্টস ডেস্ক॥ দুটি জাতীয় দল গঠনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেটি আগামী ডিসেম্বরে পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও হতে পারে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিষয়টি সামনে আনেন বোর্ড প্রধান। করোনা ভাইরাস কারণে ক্রিকেট সূচিতে বিস্তর ওলট-পালট হচ্ছে। কোন সিরিজ খেলতে গেলে দলগুলোতে নির্দিষ্ট দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের ফাঁদে পড়ে সময় যাওয়ার পাশাপাশি মানসিক অবসাদও তৈরি হচ্ছে। ফলে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য পারফর্ম করাও কঠিন হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধান করতে ভারত কিছুদিন আগে ইংল্যান্ড আর শ্রীলঙ্কা সফরে ভিন্ন দুটি জাতীয় দল পাঠাতে বাধ্য হয়েছে। এবার সে পথেই হাঁটার ইঙ্গিত দিলেন নাজমুল হাসান। বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের দুটি জাতীয় দল একসঙ্গে খেলবে এমন সময়ের বেশি দেরি নাই। নভেম্বরে পাকিস্তান আসার কথা আমাদের দেশে, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও আছে। সুতরাং সেখানে হতেই পারে এমন কিছু।’ সে জন্য সবাইকে ধৈর্য্য ধারণ করতে বলেছেন বোর্ড প্রধান, ‘শুধু বলবো যে অস্থির হবেন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে, একটা-দুটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলুস্থুল করা যাবে না। একটু ধৈর্য্য ধরুন, সময় দিলে আমার ধারনা দুটা জাতীয় দল গঠন করা সম্ভব।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী নভেম্বর-ডিসেম্বরে ২ টেস্ট ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজ শেষ হতেই ডিসেম্বরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। সিরিজ শেষ করে ডিসেম্বর-জানুয়ারিতে ২ টেস্ট, ৩টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। হয়তো সামনের কঠিন পরিস্থিতি বিবেচনা করেই এমনটা বলেছেন বোর্ড সভাপতি। এমন সিদ্ধান্তের পেছনে বোর্ড প্রধানের যুক্তি, ‘অনেক দিন ধরেই শুনে আসছি আমাদের খেলোয়াড় সংকট। রিপ্লেসমেন্ট ছিল না। এখন বেশ কিছু প্লেয়ার আমাদের আছে। উদাহরণ হিসবে বলি- নাইম শেখ, আফিফ হোসেন অসাধারণ করেছে। এর বাইরেও অনূর্ধ্ব-১৯ থেকে যে ছেলেগুলো এলো, যেমন শরিফুল অসাধারণ। একটা ছেলে এসে জায়গা করে নিলো এটা গুড সাইন। এমনকি সোহান ফিরে এসেই যে খেলা দেখাচ্ছে, এটা বিশ্বমানের। মুশফিক, লিটন নিউজিল্যান্ড সিরিজে দলে ঢুকবে। ওরা যখন ঢুকবে কাকে বাদ দিবেন? আমি বলতে চাচ্ছি এটা একটা সমস্যা কিন্তু মধুর সমস্যা, এটাই আমরা চাই।’





