স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী মোড় থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রায় সাড়ে ৬ ভরি ওজনের সোনার গহনা জব্দ করেছে। সাথী পরিবহনের একটি বাসে এই সোনা পাচার করা হচ্ছিল। এ সময় ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন ফয়সাল আহম্মেদ নামে এক চোরাকারবারী। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার স্বর্ণকার শহিদুল্লাহর ছেলে। ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাধুহাটি বাসস্ট্যান্ডে স্পিডব্রেকারে তল্লাশি চৌকি স্থাপন করে ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশের কাছে আগেই খবর আসে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা থেকে চোরাকারবারীরা স্বর্ণালঙ্কার নিয়ে ঝিনাইদহের দিকে রওনা হয়েছে। পুলিশ সুপারের ভাষ্যমতে, সাথী পরিবহনের বাসটি সাধুহাটী নামক স্থানে পৌছালে ডিবি পুলিশ গতিরোধ করে বাসটি তল্লাশি করে প্রায় সাড়ে ৬ভরি ওজনের সোনার গহনাসহ ফয়সালকে আটক করে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা ও জীবননগর-কালীগঞ্জ সড়ক পথে দীর্ঘদিন থেকে সোনা চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারীরা।





