রাস্তার পাশে পাওয়া গেল নবজাতক!

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে ফেলে যাওয়া অজ্ঞাত পরিচয় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত দুটোর দিকে কচুয়া উপজেলা সদরের মধ্যপাড়া এলাকায় একটি সড়কের পাশে ফেলে রাখা ওই ছেলে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যান স্থানীয়রা। পরে পুলিশ ওই রাতেই নবজাতককে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিকভাবে অসুস্থ থাকায় বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কচুয়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, ‘গভীর রাতে কৃষক আতিকুর রহমানসহ কিছু লোক নবজাতকটিকে থানায় নিয়ে আসেন। আমরা তাৎক্ষণিকভাবে নবজাতককে হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুটির অভিভাবকদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।’ কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল আলম বলেন, নবজাতকের ওজন কম। পুরোপুরি সুস্থ নয়। তাই উন্নত চিকিকৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাগ