নাভারণ ও বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি॥ যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটটি কাকাতুয়া পাখি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে পাচারের সময় পাখিগুলো উদ্ধার করা হয়। উদ্ধার কাকাতুয়া পাখিগুলোর মূল্য ১২ লাখ টাকা বলে জানায় বিজিবি। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার মো. তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চোরাকারবারি চক্র বাংলাদেশ থেকে কাকাতুয়া পাখি ভারতে পাচার করছে। পরে বিজিবির সদস্যরা রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে কাকাতুয়া পাখিগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, আটক কাকাতুয়া পাখিগুলো ২১ বিজিবি ব্যাটালিয়ন খুলনা হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে।





