মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান আব্দুল আলীম সন্ত্রাসী হামলার কবলে পড়েন। বুধবার উপজেলার কামলা বাজারে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী কামলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার চেয়ারম্যান আব্দুল আলীম জানান, বুধবার বেলা ১১ টার দিকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাবার সময় কামলা বাজারে ৮/৯ জন সন্ত্রাসী তার পথরোধ করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তার গানম্যানের প্রতিরোধে সস্ত্রাসীরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিক্ষুব্ধ জনতা কামলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য এসএম কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াদুদ শেখ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি টুকু শেখ প্রমুখ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান।

ভাগ