লোকসমাজ ডেস্ক॥ হামিদ কারজাইয়ের বাসভবনে কয়েক দিন আগে বৈঠক করেছেন তালেবান নেতারাহামিদ কারজাইয়ের বাসভবনে কয়েক দিন আগে বৈঠক করেছেন তালেবান নেতারা আফগানিস্তান শাসনে ১২ সদস্যের একটি কাউন্সিল গঠন করতে যাচ্ছে তালেবান। আফগান সম্প্রচারমাধ্যম আরিয়ানা নিউজ বুধবার জানিয়েছে, এ কাউন্সিলে থাকতে পারেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, আফগান পুনর্গঠন কাউন্সিলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ এবং ইসলামিক পার্টির নেতা গুলবুদ্দিন হেকমাতিয়ার। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে ওই তিন নেতা একটি সমন্বয় কাউন্সিল গঠন করেন। নতুন সরকারি সংস্থা গঠন নিয়ে তারা ধারাবাহিকভাবে তালেবান সদস্যদের বৈঠক করেন। তালেবান নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গত সোমবার ফরেন পলিসির খবরে বলা হয়, আফগানিস্তান শাসন করতে ১২ সদস্যের কাউন্সিল গঠন করতে যাচ্ছে তালেবান। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য একটি প্রশাসন গঠনে মরিয়া থাকায় যুক্তরাষ্ট্র সমর্থিত পুরনো সরকারের বেশ কয়েকজন সদস্যকেও যুক্ত করতে পারে তালেবান। ফরেন পলিসির খবরে বলা হয়, তালেবানের শীর্ষ যে তিন ব্যক্তি ওই কাউন্সিলে থাকছেন তারা হলেন গোষ্ঠীটির সহ-প্রতিষ্ঠাতা আবদুল গণি বারাদার, গ্রুপটির প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং হাক্কানি নেটওয়ার্কের ঊর্ধ্বতন নেতা খলিল হাক্কানি। নতুন এই কৌশলের মাধ্যমে প্রেসিডেন্ট কিংবা আমিরের মতো পদ সৃষ্টি করা হবে না।





