স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, সকাল সাতটার দিকে মাদকবিরোধী অভিযানকালে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর হোসেন রাড়ীপুকুর এলাকার জনৈক আবু বক্কার সিদ্দিকের বাড়ির সামনে দিয়ে দুজন মোটরসাইকেল আরোহীকে আসতে দেখেন। তিনি এ সময় তাদের থামার জন্য সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সূত্র আরও জানায়, পরে পুলিশ খোঁজ নিয়ে পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের পরিচয় উদ্ধার করে। এরা হলেন, রাড়ীপুকুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে মনিরুল ইসলাম গনি (৩২) ও ইউনুস আলীর ছেলে মনিরুজ্জামান মনি (৩৫)। ফেনসিডিল জব্দের ঘটনায় তাদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।




