স্বর্ণ চোরাচালানে অভিযুক্ত : জীবননগরের সাংবাদিক মানিকের প্রেসক্লাব সদস্যপদ সাময়িক স্থগিত

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত অভিযোগে দৈনিক যুগান্তর পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিকের প্রেসক্লাবের সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। গত সোমবার রাতে জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে ক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, গত ১৮ আগস্ট বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল রেলগেটের কাছে চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথভাবে একটি প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে আড়াই কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ইউপি সদস্য মাহাতাব উদ্দীনের ছেলে দৈনিক যুগান্তর পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিকসহ ৭ জনের নাম প্রকাশ করে। জীবননগর প্রেসক্লাবের সদস্য ও জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক ওই মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। ফলে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার কারণে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী তার সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সহ-সভাপতি নারায়ন চন্দ্র ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক মুন্সী রায়হান উদ্দিন, অর্থ সম্পাদক মামুন-উর-রহমান, দপ্তর সম্পাদক হুমায়ন কবির, প্রচার সম্পাদক নূর আলম, নির্বাহী সদস্য সালাউদ্দীন কাজল ও আতিয়ার রহমান।

ভাগ