বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়ায় করোনায় পিছিয়ে পড়া ১‘শ শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের স্মরণে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের কচুয়ার পক্ষ থেকে ধোপাখালি-বয়ারশিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়। এদিন কচুয়া উপজেলার ধোপাখালি গুচ্ছগ্রামের ৫০ জন এবং মাঠ রাড়ীপাড়া এলাকার ৫০জন শিশুকে এই উপকরণ দেওয়া হয়। উপকরণের মধ্যে খাতা, কলম, পেন্সিল, রং পেন্সিল, রাবার, স্কেল, পেন্সিল কাটার, পেন্সিল বক্স, চকলেট ও মাস্ক রয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজরা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেনসহ সংগঠন সংশি¬ষ্টরা উপস্থিত ছিলেন।





