সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক॥ দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর অনুষ্ঠিত হবে মালদ্বীপে। ১ অক্টোবর শুরু হতে যাওয়া আসরের সূচি ঘোষিত হয়েছে বুধবার। পাঁচ দলের আসরে বাংলাদেশ খেলতে নামবে উদ্বোধনী দিনেই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জামাল ভূঁইয়াদের এবারের সাফ মিশন। পাঁচ দলের আসরে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। এরপর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল। ১৩ অক্টোবর হবে শিরোপার লড়াই। এবারের আসরে ভুটান অংশ নিচ্ছে না। অন্যদিকে ফিফার নিষেধাজ্ঞা থাকায় খেলা হচ্ছে না পাকিস্তানের। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই হবে মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত। প্রতি ম্যাচ ডে-তে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। দুই ম্যাচ ডে’র মাঝে ১-২ দিন বিরতি রাখা হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এর আগে বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মালদ্বীপ ও নেপাল। ৩ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত। এই ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। ৬ অক্টোবর রাত ১০টায় তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ১১ অক্টোবর বিকেল ৫টায় প্রথম পর্বে বাংলাদেশের সর্বশেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল। এবারের আসরটি হবে সাফের ১৩তম আসর। আগের বারো আসরে বাংলাদেশ একবারই শিরোপা পেয়েছে। সেটিও সেই ২০০৩ সালে। এ ছাড়া ১৯৯৯ ও ২০০৫ সালে রানার্সআপ হয়। ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সবশেষ আসরে শিরোপা জিতে মালদ্বীপ। ফাইনালে তারা হারায় টুর্নামেন্টের সবচেয়ে সফল দল, সাত বারের চ্যাম্পিয়ন ভারতকে।
স্মিথকে পেছনে ঠেলে টেস্ট র্যাঙ্কিংয়ে দুইয়ে রুট
স্পোর্টস ডেস্ক॥ ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দারুণ ছন্দে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম দুই টেস্টেই পেয়েছেন সেঞ্চুরি। লর্ডসে খেলেছেন ১৮০ রানের অপরাজিত ইনিংস। দারুণ এই পারফরম্যান্সে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এই ৩০ বছর বয়সী ক্রিকেটার। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে ছিলেন রুট। দুই ম্যাচে দারুণ দুটি সেঞ্চুরি তাকে শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের খুব কাছে নিয়ে এসেছে। ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। রুটের রেটিং ৮৯৩। দুই থেকে তিনে নেমে যাওয়া স্টিভেন স্মিথের রেটিং ৮৯১। রুট লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলেছিলেন ১০৯ রানের ইনিংস। এদিকে লর্ডসের প্রথম ইনিংসে ভারতের পক্ষে ১২৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন লোকেশ রাহুল। র্যাঙ্কিংয়ে তিনি ১৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭তম স্থানে। বোলিং র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। উঠে এসেছেন ৬ নম্বরে। লর্ডসে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। মার্ক উড পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ৩৭তম স্থানে। ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ১৮ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের প্রভাবও পড়েছে র্যাঙ্কিংয়ে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। কিংস্টনে প্রথম ইনিংসে ৩০ ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। উন্নতি হয়েছে ফাহিম আশরাফ এবং ফাওয়াদ আলমেরও। দুজন যথাক্রমে ৪৮তম ও ৫৫তম স্থানে আছেন। উইন্ডিজের পক্ষে অলরাউন্ডান নৈপুণ্য মেলে ধরা জ্যাসন হোল্ডার বোলারদের তালিকায় সেরা দশে ঢুকেছেন। দুই ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান নবম। ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ৪৩তম স্থানে। দুই ইনিংস মিলে ৮ উইকেট পাওয়া ক্যারিবীয় পেসার জেডেন সিলেস বোলারদের তালিকায় ৩৯ ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ৫৮তম। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি চাপ ধাপ এগিয়ে আছেন ১৮তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অলরাউন্ডারদের তালিকায় সেরা অবস্থানে জ্যাসন হোল্ডার।
ওয়ার্ল্ড অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ১০০ মিটার হিটে সবার শেষে সুমাইয়া
স্পোর্টস ডেস্ক॥ কেনিয়ার নাইরোবিতে চলমান ওয়ার্ল্ড অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বুধবার ট্র্যাকে নেমেছিলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। কিন্তু এই দিনটা ভুলে যেতে চাইবেন তিনি। ১০০ মিটার হিটে ৩৬ জনের মধ্যে তার অবস্থান সবার শেষে। তিন নম্বর হিটে ট্র্যাকে নেমেছিলেন সুমাইয়া। ১২.৯১ সেকেন্ডে দৌড় শেষ করেন। সবগুলো হিট মিলেই দৌড় শেষ করতে সুমাইয়ার চেয়ে বেশি সময় নেন আর কেউ। এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন সুমাইয়া।
পিএসজির হয়ে মেসির অভিষেক ২৯ আগস্ট!
স্পোর্টস ডেস্ক॥ লিওনেল মেসি এখন পিএসজির। কিন্তু ফরাসি ক্লাবটির হয়ে এই আর্জেন্টাইন সুপারস্টার মাঠে নামবেন কবে? এই প্রশ্নের উত্তর জানতে ব্যাকুল সবাই। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, ২৯ অক্টোবর পিএসজির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন মেসি। ওই দিন লিগ ওয়ানে রিমসের বিপক্ষে ম্যাচ প্যারিসের ক্লাবটির। পিএসজিতে নাম লেখানোর পর মেসি এখন নিজেকে মাঠের জন্য তৈরি করছেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর ছুটিতে থাকায় প্রাক মৌসুম পর্বে অনুশীলনে ছিলেন না মেসি। অবশ্য বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ওই সময় জুড়ে ‘ফ্রি এজেন্ট’ ছিলেন তিনি। মেসি বার্সেলোনার সঙ্গে চলতি গ্রীষ্মের শুরুতে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যায় ক্লাবটি নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে ধরে রাখতে ব্যর্থ হয়।
নিউজিল্যান্ডের প্রতিনিধি দল ঢাকায়
স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশের কন্ডিশন এবং জৈব সুরক্ষা বলয় ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ডের তিন সদস্যের প্রতিনিধি দল। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মঙ্গলবার তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে, তারা তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবেন। তারপরই তারা কাজগুলো শুরু করতে পারবেন’।- বলেন দেবাশীষ। কিউইদের পর্যবেক্ষক দলে আছেন টিম ম্যানেজার মাইক স্যান্ডল, কোভিড কর্মকর্তা অ্যান্ড্রু লাভ ও সিকিউরিটি ম্যানেজার টেরি মিনিশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দলের ঢাকায় আসার কথা ২৪ আগস্ট। তবে স্কোয়াডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও কলিন ডি গ্রান্ডহোম বাংলাদেশে চলে আসবেন একটু আগেভাগেই। এই দুজন এই মুহূর্তে ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলছেন। দেশে ফিরে কোয়ারেন্টাইন করে দলের সঙ্গে বাংলাদেশে আসার সুযোগ নেই তাদের। এ কারণে সরাসরি ঢাকা চলে আসবেন তারা। বাংলাদেশ-নিউজিল্যান্ড মাঠের লড়াই শুরু হবে ১ সেপ্টেম্বর, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়া সিরিজের মতো সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।





