ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুনের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্ত আলেয়া খাতুন শংকরপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী তাজকুরা খাতুনের নামে একটি ভিজিএফ’র কার্ড রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই কার্ডের মাধ্যমে ৩০ কেজি করে চাল উত্তোলন করে আসছেন। গত সোমবার ওই চাল আনতে গিয়ে তিনি জানতে পারেন ইউপি সদস্য আলেয়া খাতুন উত্তোলন করে নিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আলেয়া খাতুন বলেন, ঘটনার সমাধান হয়ে গেছে। বুধবার ইউপি চেয়ারম্যান চাল দিবেন বলে জানান তিনি।





