১৪৪ ধারা ভঙ্গ করে নারীর জমি দখল

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করেছেন মোছা. আনোয়ারা বেগম নামে এক নারী। এ নিয়ে নালিশী জমির উপর আদালত ১৪৪ ধারা জারি করলেও প্রতিপক্ষরা মানছেন না। জোর করে তারা জমিতে চাষ দিয়ে দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন শহরের পূর্ব কাঞ্চননগর এলাকার এইচএসএস সড়কের একেএম ফয়জুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম। আদালত ও পুলিশ সুত্রে জানা গেছে, সদর উপজেলার পবহাটী মৌজার হোল্ডিং ৪৪৮১ এর ১৯ শতক জমির মধ্যে ৪দশমিক ৩৪ শতক জমির মালিক আনোয়ারা বেগম। জমিটির দীর্ঘদিন ভোগ দখল করছেনও তিনি। তার প্রতিবেশি আনারুল বিশ^াস, আনিচুর রহমান, সাফিয়ার রহমান, আতিয়ার রহমান, সুমন মোল্ল্যা ও মো. রাজন আলী জমিটি তাদের দাবি করে জোরপূর্বক ভোগ দখলের পাঁয়তারা করছেন। বিষয়টি নিয়ে আদালত যান আনোয়ারা বেগম। আদালত সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে যাওয়া থেকে বিরত থাকার জন্যে নির্দেশ দেন। সে নির্দেশ অমান্য করে ১৫ আগস্ট অফিস বন্ধের দিন ভোরে আনারুল বিশ^াস, আনিচুর রহমান, সাফিয়ার রহমান ও আতিয়ার রহমান জমিটি ট্রাক্টর দিয়ে চাষ করে গাছ লাগিয়ে দখল করেন। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদ হোসেন জানান, জমিটি নিয়ে আগেই আদালত ১৪৪ ধারা জারি করেছিল। সর্বশেষ এক পক্ষের জোর করে দখল নেওয়ার বিষয়টির অভিযোগ পেয়েছি। এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভাগ