খুলনা ব্যুরো॥ খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪২০ জনের। এ নিয়ে খুলনা বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৮০০ জন ছাড়িয়েছে। এর আগে শনিবার বিভাগে ২১ জনের মৃত্যু এবং ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। রবিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৫ জন, মেহেরপুরে ৩ জন, বাগেরহাট, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৪২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ২৫৩ জন।





