বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্তÍ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের পক্ষ থেকে উপজেলার ৩শ জন কৃষকের মাঝে ১২শ কেজি বীজ ধান বিতরণ করা হয়। উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই ধান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মীর্জা মোফাজ্জল ইসলাম। শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিনার সাতক্ষীরা উপকেন্দ্রের পরিচালক ড. বাবুল আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গত ২৭ জুলাই থেকে অবিরাম চার দিনের বর্ষণে উপজেলার ৭৫০ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়ে যায়। পানি নিষ্কাশনের পরে নতুন করে চারা দেওয়ার জন্য কোথাও বীজ ধান পাচ্ছিলেন না কৃষকরা। এই অবস্থায় বিনার পক্ষ থেকে এই ধান পেয়ে খুশি তারা। পূর্ব খোন্তাকাটা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক বাদশা মাতুব্বর বলেন, নতুন করে চারা দেওয়ার জন্য কোথাও ধান পাচ্ছিলাম না। এক ধরনের হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলাম। আজ বিনামূল্যে ধান পেলাম। এই ধান দিয়ে নতুন করে চারা দিতে পারবো। খুড়িয়াখালী গ্রামের কৃষক ইউনুস আলী বলেন, কৃষি বিভাগ থেকে দেওয়া এই ধান পেয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছি। চিন্তামুক্ত হলাম, এখন আর জমি ফেলে রাখতে হবে না। ধান চাষ করতে পারবো। শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন বলেন, টানা বৃষ্টিতে উপজেলার শতভাগ ধানের বীজতলার চারা নষ্ট হয়ে যায়। পানি নিষ্কাশনের পরে কৃষকরা যে আবার চারা দেবে বীজ ধানের অভাবে তাও সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে উচ্চ ফলনশীল বিনা-৭, ১১ ও ১৭ ধানের বীজ প্রদান করা হয়েছে।





