আন্তর্জাতিক সংবাদ

কাবুলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তালেবান
লোকসমাজ ডেস্ক॥ আরেক প্রদেশ দখল, কাবুলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তালেবানআরেক প্রদেশ দখল, কাবুলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তালেবান কান্দাহার ও হেরাতের পর শনিবার আফগানিস্তানের লোগার প্রদেশের দখল নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে রাজধানী কাবুলের উপকণ্ঠে পৌঁছে গেলো দলটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার লোগার দেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে তালেবান। এর মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১৮টিতেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে আফগানিস্তান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গত কয়েক দিন ধরে আফগানিস্তানে দৃশ্যত তালেবানের বিজয় উৎসব চলছে। নিরাপত্তা বাহিনীর কাছ থেকে একের পর এক প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিচ্ছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে তালেবানকে অবিলম্বে হামলা বন্ধের পাশাপাশি গৃহযুদ্ধ এড়াতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ‘আফগানিস্তান গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এই সময়ে যে কোনও উপায়ে আলোচনা শুরু করা উচিত।’ এদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন আশা করছে আফগান বাহিনী তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, মাঠে রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দুটোই দেখতে চাই। বিদ্যমান পরিস্থিতিতে আফগান সরকারকে তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, একটি অন্তর্ভুক্তিমূলক সমঝোতায় পৌঁছানোর জন্য আফগান সরকারের উচিত তালেবানের সঙ্গে যোগাযোগ করা। জোসেফ বোরেল বলেন, রাজনৈতিক মতপার্থক্য নিষ্পত্তি, সব স্টেকহোল্ডারদের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং একতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা আফগান সরকারকে তালেবানের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করি। তিনি বলেন, আফগানিস্তানের জন্য ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তার চাবিকাঠি হচ্ছে বিদ্যমান সংকটের একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাধান। এর পাশাপাশি নারী, সংখ্যালঘু নির্বিশেষে সব আফগানদের মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

ইরানে যুদ্ধজাহাজ পাঠালো রাশিয়া
লোকসমাজ ডেস্ক॥ ইরানের বন্দর আনজালিতে দুইটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। ইন্টারন্যাশনাল আর্মি গেমস-২০২১-এর সি কাপ কম্পিটিশনে অংশ নিতে জাহাজগুলোকে সেখানে পাঠানো হয়েছে। কাস্পিয়ান সাগরে অবস্থিত ইরানের মালিকানাধীন একটি বন্দর হচ্ছে আনজালি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কাস্পিয়ান সাগরের বহর থেকে মখাচাকালা ও আস্ত্রাখান নামে দুটি ছোট জাহাজ ইরানের বন্দর আনজালিতে পাঠানো হয়েছে। দাগেস্তান প্রজাতন্ত্রের রুশ নৌ ঘাঁটি থেকে জাহাজ দুইটি ইরানের বন্দরের দিকে যাচ্ছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, মখাচাকালা জাহাজটি হবে রুশ নৌবাহিনীর প্রধান প্রতিনিধিত্বকারী জাহাজ আর আস্ত্রাখান হবে রিজার্ভ শিপ। সি কাপ কম্পিটিশন মূলত নৌবাহিনীর যুদ্ধজাহাজের ক্রুদের প্রশিক্ষণ কর্মসূচি। আগামী ২৫ আগস্ট থেকে বন্দর আনজালিতে এটি অনুষ্ঠিত হবে। রুশ জাহাজের সদস্যরা প্রশিক্ষণ কর্মসূচি চলার সময় সমুদ্রে ভাসমান মাইন এবং প্যারাসুট থেকে ফেলা অন্যান্য লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র হামলা চালাবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেনারা জাহাজ রক্ষার জন্য অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতায় অংশ নেবেন এবং উদ্ধার অভিযানসহ নানা ধরনের কর্মকাণ্ডে অংশ নেবেন। সূত্র: পার্স টুডে।

ভিপিএন ব্যবহার ঠেকাতে কোরান ছুঁয়ে শপথ
লোকসমাজ ডেস্ক॥ মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে ইন্টারনেট ব্যবহারকারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারা বলছেন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার আটকাতে তাদের কোরান ছুঁয়ে শপথ করানো হচ্ছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির বেশ কয়েক জন বাসিন্দা জানিয়েছেন, বাড়িতে ইন্টারনেট সংযোগ নেওয়ার আবেদন করার পর তাদের কোরান ছুঁয়ে শপথ করতে হচ্ছে যে তারা কখনোই ভিপিএন ব্যবহার করবে না। তুর্কমেনিস্তানের ভিপিএন ব্যবহার অবৈধ। তবে সরকারি বিধিনিষেধ এড়িয়ে দেশটিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। তুর্কমেনিস্তানে গত কয়েক বছর ধরেই বেশ কিছু ওয়েবসাইট ব্লক করে রাখা হয়েছে। এর মধ্যে ফেসবুক, ইউটিউব, টুইটারও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টারনেট ব্যবহারকারী বলেন, ‘বাড়িতে ওয়াইফাই-এর জন্য প্রয়োজনীয় সব নথি জমা দিয়ে আবেদন করে দেড় বছর অপেক্ষা করেছি। এখন তারা বলছে আমাকে কোরান ছুঁয়ে শপথ করতে হবে যে ভিপিএন ব্যবহার করবো না, কিন্তু ভিপিএন ছাড়া কোথাও প্রবেশ করা যায় না। জানি না এখন কী করতে হবে।’ স্থানীয় সংবাদমাধ্যম আরএফই/আরল-এর এক প্রতিনিধি জানিয়েছেন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রত্যেক গ্রাহককে কোরান ছুঁয়ে শপথ করতে বলছেন যাতে তারা ভিপিএন ব্যবহার না করেন।

ভাগ