গিলাতলায় প্রবল জোয়ারের পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি-রাস্তাঘাট

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ ভৈরব নদের জোয়ারের পানির চাপে তলিয়ে গেছে খুলনা নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একটি অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুর। পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন এ এলাকার মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
সরেজমিন দেখা গেছে, মরহুম রাঙ্গা খানের বাড়ির সামনের ড্রেন দিয়ে নদী থেকে জোয়ারের পানি ঢুকছে, এছাড়া জোয়ারে পানিতে তলিয়ে গেছে অসংখ্য বসত ঘরসহ রাস্তাঘাট ,পানিবন্দি এলাকায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বসত ঘর ফসলসহ সব কিছু। অনেকের পুকুরের মাছও ভেসে গেছে। এদিকে জোয়ারের পানিতে গিলাতলা ইউনিয়নের অন্যতম সড়ক বারাকপুর খেয়াঘাট রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। জোয়ারের পানিতে এ এলাকা যখন তলিয়ে যাচ্ছে তখন আরও দুর্বিষহ হয়ে উঠছে এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন এ সকল নোংরা ও পচা পানি গায়ে লেগে ইতোমধ্যে পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পরেছে । গৃহবধূ সালমা আক্তার বলেন, জোয়ারের পানি আসলে ছোট সন্তানদের কোলে করে রাখতে হয়, অজানা আতঙ্ক কাজ করে। অতিদ্রুত এ এলাকায় বর্ষা মৌসুমে ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট মহলকে পরিকল্পিত ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান এলাকাবাসী।

ভাগ