মনিরামপুরে সন্তানসহ স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষকের ফাঁসি দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে স্বামীর পরকীয়ার জেরে শিশু কন্যাকে হত্যার পর অন্তঃস্বত্ত্বা মায়ের আত্মহত্যার ঘটনায় আটক কলেজশিক্ষক কনার মন্ডলকে দায়ী করে তার ফাঁসির দাবিতে এলাকাবাসী ফুঁসে উঠেছেন। এ ঘটনায় শুক্রবার সকালে মশিয়াহাটিতে এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মৃত্যুবরণকারী গৃহবধূ পিয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল, ইউপি সদস্য আলম হোসেন, আলোক মন্ডল, তমা মন্ডল, আবদুল হালিম প্রমুখ। বক্তারা নিহত পিয়া মন্ডলের স্বামী কনার মন্ডলের ফাঁসিসহ মশিয়াহাটি কলেজ থেকে বহিষ্কারের দাবি জানান।
জানা যায়, মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের ননি মন্ডলের ছেলে মশিয়াহাটি ডিগ্রি কলেজের প্রভাষক কনার মন্ডলের সাথে পাঁচ বছর আগে বিয়ে হয় অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরত মন্ডলের মেয়ে পিয়া মন্ডলের। বিয়ের পর কনার মন্ডল স্ত্রীকে নিয়ে কুলটিয়া বাজারের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। অভিযোগ রয়েছে, প্রায় এক বছর আগে কনার মন্ডল এলাকার একাধিক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ব্যাপারে প্রতিবাদ করায় কনার মন্ডল প্রায়ই পিয়াকে মারপিট করতেন। গত ৭ আগস্ট সকালে কনার তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হন। সন্ধ্যায় অন্তঃসত্ত্বা পিয়া মন্ডল শিশু কন্যা কথা মন্ডলকে শ্বাসরোধে হত্যার পর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় দায়ী করে ওই রাতেই পুলিশ স্বামী কনার মন্ডলকে আটক করে। আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা করেন পিয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল। কনার মন্ডল বর্তমানে জেলহাজতে বন্দি রয়েছেন।

ভাগ