বিশ্বকাপে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন গিবস
স্পোর্টস ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবসের মতে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট থাকবে তিনটি দেশ। সেই তিনটি দেশ হলো পাকিস্তান, ভারত ও ইংল্যান্ড। একইসঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কার সম্ভাবনার কথাও বলেছেন গিবস। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে ৪৭ বছর বয়সী এ প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলঙ্কাও যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে।’ তবে ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের ওপর জোর দিয়ে গিবস আরও বলেন, ‘আমার মতে, এখন পর্যস্ত বলব পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ডের কথা। তবে (বিশ্বকাপের) কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে।’ এসময় তিন দলের বর্তমান অবস্থার ভিত্তিতে গিবস বলেন, ‘পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই একটা বড় প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।’ তিনি আরও বলেন, ‘বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড)- এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’
আজ থেকে শুরু ইউরোপের চার লিগ
স্পোর্টস ডেস্ক ॥ মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপের শীর্ষস্থানীয় চার লিগ। স্প্যানিশ লা লিগা, বুন্দেশলিগা, লিগ ওয়ান এবং প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ শনিবার থেকে। ইতালিয়ান লিগ সিরি শুরু হবে এক সপ্তাহ দেরিতে। শনিবার রাত দেড়টায় শুরু হবে প্রিমিয়ার লিগ। আর্সেনাল এবং ব্রেন্টফোর্ডের ম্যাচ দিয়ে ইপিএলের লড়াই শুরু হবে। এছাড়াও প্রথম দিনে মাঠে নামবে ম্যান ইউনাইটেড, চেলসি, লিভারপুল, লেস্টারসিটি ও এভারটন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রথম ম্যাচ খেলবে ১৫ ই আগস্ট। প্রথম রাউন্ডে পেপ গার্দিওলাদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। একইদিনে রাত ১২.৩০ টায় বুরুশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে রাউন্ড ওয়াান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এছাড়াও রয়েছে আরও পাঁচটি ম্যাচ। ১৪ ই আগস্ট ভ্যালেন্সিয়া বনাম গেটাফির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগাও। ১৫ ই আগস্ট দেপোর্তিভো আলাভেসের বিরুদ্ধে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। একইদিনে সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়েল সোসিদিয়েদের বিরুদ্ধে খেলবে বার্সেলোনা। মোনাকো এবং লরিয়েন্টের ম্যাচ দিয়ে ফরাসী লিগেও বল গড়াবে শনিবার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিল ওইদিনই নামবে নাইসের বিরুদ্ধে। ১৫ ই আগস্ট স্টার্সবার্গের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে প্যারিস সেন্ট জার্মেইন।
শ্রীলংকা সফরের জন্য চমকে ভরা দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক ॥ সেপ্টেম্বরে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে শ্রীলংকা সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এজন্য বৃহস্পতিবার চমকে ভরা দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড সিএসএ। ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। দলের সিনিয়র ক্রিকেটারদের ভেতর কুইন্টন ডি কক, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। ডি কককে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। মিলার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। অন্যদিকে ব্যক্তিগত কারণে দ্য হানড্রেড থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার লুঙ্গি এনগিডি। পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামতে না পারা প্রোটিয়াদের ভোগাতে পারে। এর আগে গত জুলাইয়ে ওয়ানডে সুপার লিগে আইরিশদের বিপক্ষে খেলতে গিয়ে বেশ লজ্জার মুখে পড়তে হয় তাদের। প্রথমবার দলটির কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার অবস্থান দশ নম্বরে। ৬ ম্যাচে তাদের অর্জন মাত্র ২৪ পয়েন্ট। আয়ারল্যান্ড সিরিজ থেকে দলটিতে নতুন সদস্য হিসেবে যোগ হয়েছেন পেসার জুনিয়র ডালা। তিনি আবার টি-২০ দলের সদস্য নন। শ্রীলংকা সফরে টি-২০ বিশ্বকাপের আগে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলার সুযোগ পাবে প্রোটিয়ারা। সবগুলো ম্যাচই ২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মাঝে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জুনিয়র ডালা, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, জানেমান মালান, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, আইনরিখ নর্কিয়া, আন্দিলে ফেহলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।
টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়র্ন ফরটুইন, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, সিসান্ডা মাগালা, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আইনরিখ নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডাসেন, লিজাড উইলিয়ামস।
আইপিএল শুরুর আগেই নতুন ঝামেলায় ধোনির চেন্নাই
স্পোর্টস ডেস্ক ॥ আইপিএলের স্থগিত আসরের বাকি অংশ শুরু হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরের ১৯ তারিখ। এর আগে মহা ঝামেলায় পড়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। শুক্রবার (১৩ আগস্ট) তাদের আরব আমিরাতে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেশটিতে পা রাখার অনুমতিই পায়নি তারা! চেন্নাইয়ের কর্মকর্তারা এখন অনুমতির জন্য বিসিসিআইয়ের কাছে ধর্ণা দিচ্ছেন। চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথন বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা আরব আমিরাতে পা রাখার অনুমতি পাইনি। আমরা সবসময় বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি। বোর্ডের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে যোগাযোগ করা হচ্ছে। আশা করি দ্রুতই এর একটা সমাধান পাওয়া যাবে।’ আইপিএলের গত আসরেও চেন্নাই বাকি দলগুলোর চেয়ে অনেক আগেই আইপিএল খেলতে আমিরাতে গিয়েছিল। এর আগে চেন্নাইয়ে হয়েছিল তাদের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু আইপিএলের মঞ্চে ধোনিরা ব্যর্থ হয়েছিলেন। চলতি আইপিএলে ৭ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের অবস্থান ২ নম্বরে। দিল্লির কাছে হেরে আসর শুরু করলেও তারা টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে।
অবিশ্বাস্য মূল্যে চেলসিতে ফিরে লুকাকুর রেকর্ড
স্পোর্টস ডেস্ক ॥ ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে প্রায় সাত বছর পর তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে দলে ফিরিয়েছে ইংল্যান্ডের ক্লাব চেলসি। গত মৌসুমে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলা লুকাকুকে দ্বিতীয় দফায় দলে পেতে চেলসিকে গুনতে হয়েছে ৯৭.৫ মিলিয়ন পাউন্ড। যা কি না ক্লাবটির ইতিহাসে রেকর্ড। তবে অল্পের জন্য ব্রিটিশ ফুটবলের রেকর্ডটি করতে পারেননি লুকাকু। গত সপ্তাহেই অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে পেতে ম্যানচেস্টার সিটির খরচ ছিল ১০০ মিলিয়ন পাউন্ড। সেটিই ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। এই রেকর্ডটি না হলেও, অন্য আরেকটি বিশ্ব রেকর্ড ঠিকই গড়ে ফেলেছেন বেলজিয়ান তারকা ফুটবলার। এখনও পর্যন্ত ক্যারিয়ারে ৬ বার দলবদল হয়েছে তার। এর মাধ্যমেই ট্রান্সফার ফি হাতবদলের বিশ্ব রেকর্ড হয়ে গেছে লুকাকুর। সব মিলিয়ে লুকাকুকে পেতে ক্লাবগুলোর মিলিত খরচ ২৮৯ মিলিয়ন পাউন্ড। ফুটবলের ইতিহাসে কোনো এক খেলোয়াড়ের জন্য এটিই সবচেয়ে বেশি ব্যয়ের রেকর্ড। এতদিন ধরে যা ছিল ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের দখলে। তার ট্রান্সফারে এখনও পর্যন্ত ব্যয় ২৭৯ মিলিয়ন পাউন্ড। আন্ডারলেখট থেকে ২০১১ সালে প্রথমবার চেলসিতে যোগ দেন লুকাকু। পরে ২০১৪ পর্যন্ত চেলসিতে ছিলেন তিনি। সেই দফায় তিন মৌসুমে মাত্র ১৫ ম্যাচ খেলতে পেরেছিলেন, যেখানে করেন ১টি গোল। তখন মূলত বেশিরভাগ সময় ইংল্যান্ডের আরেক ক্লাব এভারটনের কাছে লোনেই ছিলেন লুকাকু। এবার নিশ্চিতভাবেই ক্লাবের মূল তারকা হিসেবে খেলবেন বেলজিয়ান সুপারস্টার। দ্বিতীয় দফায় দলে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘প্রথমে আমি এখানে এসেছিলাম অল্প বয়সে, যার অনেক কিছু শেখার ছিল। এখন আমি ফিরে এলাম অনেক অভিজ্ঞ ও পরিপক্ক হয়ে। শৈশবে আমি চেলসিকে সমর্থন করতাম আর এখন আমি ফিরলাম দলটির অনেক শিরোপা জয়ে সাহায্য করতে, অসাধারণ অনুভূতি।’ চেলসি থেকে প্রথমে লোনে নিলেও, পরে লুকাকুকে স্থায়ীভাবে কিনে নেয় এভারটন। এজন্য তাদের খরচ হয় ২৮ মিলিয়ন পাউন্ড। পরে ২০১৭ সালে ৭৫ মিলিয়ন পাউন্ডে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান লুকাকু। সেখান থেকে ইন্টার মিলানে যান ৭৪ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে।
সাকিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা
স্পোর্টস ডেস্ক ॥ অবৈধভাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম ও ছবি ব্যবহার করে আসছে একটি ওয়েবসাইট। এনএফটির মাধ্যমে ওয়েবসাইটটি সাকিবের নাম ব্যবহার করে ফাঞ্জিবল টোকেনের মাধ্যমে ডিজিটাল কনটেন্টের ব্যবসা করে আসছে। অথচ ওয়েবসাইটটির পৃষ্ঠপোষক এ বিষয়ে সাকিবের কোনো অনুমতি নেয়নি। বিষয়টিকে ওই ওয়েবসাইটের প্রতারণা মন্তব্য করে সাকিব নিজেই তার ভক্ত-অনুরাগীদের সতর্ক করে দিয়েছেন। সতর্কের পাশাপাশি ওই ওয়েবসাইট থেকে কনটেন্ট ক্রয় করতে নিষেধ করেছেন সাকিব। বৃহস্পতিবার এক টুইট বার্তায় সাকিব লিখেছেন, ‘আমি এদের আমার ছবি বা নাম ব্যবহার করে এনএফটিতে কার্ড বিক্রির অনুমোদন দেইনি। এটা প্রতারণা। অনুগ্রহ করে ওদের কাছ থেকে কিছু ক্রয় করবেন না। আমি শিগগিরই আমাদের অফিসিয়াল এনএফটি ঘোষণা করব।’ সাকিবের এমন টুইট দেখে অনেকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ঘটনাটি স্মরণ করেছেন। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাকিব। জুলাই মাসের আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন। আফগানিস্তাানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ফরম্যাটে র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। বর্তমানে পরিবারের সাথে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেপ্টেম্বরের আগেই দেশে ফিরে দলের সাথে যোগ দিবেন সাকিব, খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
মেসির পর রোনালদোকে কিনছে পিএসজি ?
স্পোর্টস ডেস্ক ॥ প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এখন যেন চাঁদের হাট। কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস, আনহেল দি মারিয়া, নেইমারের পর সবশেষ সেখানে যোগ দেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি সম্ভবত মেসিকে কিনেই থামছেন না। তার বিশ্বাস, এমবাপ্পে হয়তো পিএসজিতে থাকবেন না। তার জায়গায় দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে! হ্যাঁ, মেসি, রোনালদো ও নেইমার এমন স্বপ্নের আক্রমণভাগ দেখা যেতে পারে পিএসজিতে। মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর প্রশ্ন উঠেছে, এমবাপ্পে তার সতীর্থ হিসেবে থাকবেন তো? পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে এখনো তেমন আগ্রহ দেখাননি ফরাসি তারকা। আগামী জুনে তার বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। এএস জানিয়েছে, এমবাপ্পে যদি শেষ পর্যন্ত থাকতে না চান, তাহলে তাকে বিক্রি করবে পিএসজি। শুধু তা–ই নয়, আগামী মৌসুমে তার শূন্যতা পূরণের প্রস্তুতিও নিচ্ছে ক্লাবটি। জুভেন্টাস থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আসার চেষ্টা করবে পিএসজি। এমবাপ্পেকে অবশ্য বহু আগে থেকেই কিনতে চায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যমটি বলছে, এমবাপ্পে আগামী মৌসুম শেষে রিয়ালে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেবেন। পিএসজিও নাকি এ বিষয়ে একমত। এদিকে, আগামী ৩০ জুন রোনালদোও ফ্রি এজেন্ট হয়ে যাবেন জুভেন্টাসে। তখন এমবাপ্পের জায়গায় রোনালদোকে এনে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে (মেসি-রোনালদো) ক্লাব সতীর্থ বানাতে চায় পিএসজি। দলবদল নিয়েও কোনো পাইপয়সা খরচ হবে না ক্লাবটির। শুধু এক তারকার জায়গায় আসবেন আরেক তারকা। রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস নাকি এর সবকিছুই জানেন। ৩৭ বছর বয়সে প্যারিসে এসে রোনালদো নাকি সর্বোচ্চ দুই বছরের চুক্তি করতে পারেন। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষে রোনালদোর বয়স হবে ৩৯ বছর। তখন চাইলে অবসর কিংবা যুক্তরাস্ট্র-কাতারের কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলে নাম লেখাতে পারবেন পর্তুগিজ তারকা। এর আগে খেলাইফি সোজাসাপ্টাই বলেছেন, নেইমার ও মেসিকে নিয়ে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল যেহেতু গড়া হয়েছে, তাই এমবাপ্পে ক্লাব ছেড়ে যাওয়ার কোনো অজুহাত দেখাতে পারবেন না। এমবাপ্পের তরফ থেকে এখনো এ নিয়ে কোনো মন্তব্য মেলেনি।





