বেনাপোলে ৮৩ হাজার টাকার কয়েনসহ এক পাচারকারী আটক

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় ৮৩ হাজার টাকার বাংলাদেশি কয়েনসহ এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বিজিবি। সাতটি বস্তায় ২ টাকা ও ১ টাকার কয়েন ছিল। আটক ব্যক্তি আবদুর রহমান (৩০) বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে। কয়েনের বস্তাগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন আটক আবদুর রহমান। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ বাংলাদেশি কয়েন নাভারণ থেকে ইজিবাইকে করে সীমান্তে নেয়া হচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল-যশোর সড়কের আমড়াখালি এলাকায় অভিযান চালান। এসময় সাতটি বস্তায় থাকা ৮৩ হাজার টাকার কয়েন জব্দ করা হয়। একই সাথে আটক করা হয় মুদ্রা পাচারকারী আবদুর রহমানকে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

ভাগ