শিশুকন্যাকে হত্যা করে মায়ের আত্মহত্যার ঘটনায় স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে স্বামীর পরকীয়ার জের হিসেবে শিশু কন্যাকে হত্যার পর অন্ত:স্বত্ত্বা মায়ের আত্মহত্যার ঘটনায় আটক কলেজ শিক্ষক কনার মন্ডলকে দোষারোপ করে তার ফাঁসির দাবিতে এলাকাবাসী ফুসে উঠেছে। শুক্রবার সকালে মশিয়াহাটিতে এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহত গৃহবধু পিয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল,ইউপি সদস্য আলম হোসেন, আলোক মন্ডল, তমা মন্ডল, আবদুল হালিম প্রমুখ। বক্তারা নিহত পিয়া মন্ডলের স্বামী কনার মন্ডলের ফাঁসি ছাড়াও মশিয়াহাটি কলেজ থেকে বহিষ্কারের দাবি জানান।
জানাযায়, উপজেলার কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের ননি মন্ডলের ছেলে মশিয়াহাটি ডিগ্রি কলেজের প্রভাষক কনার মন্ডলের সাথে পাঁচ বছর আগে বিয়ে হয় অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরত মন্ডলের মেয়ে পিয়া মন্ডলের। বিয়ের পর কনার মন্ডল স্ত্রীকে নিয়ে কুলটিয়া বাজারের পাশে একটি বাসা ভাড়া নিয়ে তারা সংসার করছিলেন। অভিযোগ রয়েছে প্রায় এক বছর আগে কনার মন্ডল এলাকার একাধীক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে প্রতিবাদ করায় কনার মন্ডল প্রায়ই পিয়াকে মারপিট করতো। ৭ আগষ্ট সকালে কনার তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। সন্ধ্যায় অন্ত:সত্ত্বা পিয়া মন্ডল শিশু কন্যা কথা মন্ডলকে শ্বাসরোধে হত্যার পর ঘরের সিলিংয়ের হুকের সাথে ঝুলিয়ে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় দোষারোপ করে ওই রাতেই পুলিশ স্বামী কনার মন্ডলকে আটক করে। আত্মহত্যার প্ররোচনার দায়ে থানায় মামলা করেন নিহত পিয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল। কনার মন্ডল বর্তমানে জেল হাজতে রয়েছেন।

ভাগ