চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় আমিনুর রহমান (৪০) নামে এক কৃষকের দুই বিঘা জমির করলা কেটে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাংগিরপাড়া গ্রামে। এ ঘটনায় কৃষক আমিনুর রহমান চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। চৌগাছা থানার সহকারী উপ-পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। অভিযোগকারী কৃষক আমিনুর রহমান উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাংগিরপাড়া গ্রামের মৃত আব্দুস শুকুর মন্ডলের ছেলে। তার চাচা শরিফুল ইসলামও (৬০) একই গ্রামের বাসিন্দা। চৌগাছা থানায় লিখিত অভিযোগে আমিনুর রহমান বলেন, আমার আপন চাচা ও তার ছেলের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে তিনি দেখেন তার দুই বিঘা জমির করলা ক্ষেত কেটে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে চাচা ও তার ছেলেদের কাছে জানতে চাইলে তারা তাকে মারধর করতে উদ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ও খুন- জখমের হুমকি দেয়। আমিনুর রহমান জানান, স¤পূর্ণ ক্ষেতের করলা কেটে দেয়ায় তার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।





