সাতমাইল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার হৈবতপুর সাতমাইল বাজারের রেলক্রসিং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, মারামারি বিস্ফোরকসহ বহু মামলা রয়েছে। আটককৃতরা হলো ওই এলাকার আছির উদ্দিন (৬৩) এবং তার ছেলে সাদ্দাম হোসেন।
ডিবি পুলিশের এসআই সাদ্দাম হোসেন জানিয়েছেন, গত শুক্রবার তারা গোপন সূত্রে জানাতে পারেন বড় হৈবতপুর গ্রামের জালালের চায়ের দোকানের সামনে দুই ব্যক্তি গাঁজা ও ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে। সংবাদ পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে সেখানে অভিযান চালিয়ে আছির উদ্দিন ও তার ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। এসময় আছিরের কাছ থেকে একশ গ্রাম গাঁজা এবং সাদ্দামের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসআই সাদ্দাম হোসেন আরো জানিয়েছেন, পিতা ও পুত্র দুইজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। খোঁজ নিয়ে দেখে গেছে কোতয়ালি থানায় আছির উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন, বিস্ফোরক ও মাদক আইনে মোট ৯টি মামলা এবং তার ছেলে সাদ্দামের বিরুদ্ধে মারামারি ও মাদক আইনে মোট ৫টি মামলা আছে।

ভাগ