স্টাফ রিপোর্টার॥ যশোরে পানি নেওয়া নিয়ে বিরোধের জেরে শহরের চুড়িপট্টির পান বাজারে চার পান ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। একই সাথে রাস্তার উপর পান ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে সেখানে থাকা একটি পিকআপের চাকা ক্ষতিগ্রস্ত করেছে হামলাকারীরা। আহত চার পান ব্যবসায়ী হলেন, ফারুক হোসেন (৪০), বাবলা (২৭), আসাদুল ইসলাম (৪০) এবং শাকিল হোসেন (২৯)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই পান বাজারে পানি দেওয়া-নেওয়া নিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ীদের সাথে বিরোধ বাধে। এই বিরোধের জেরে চিহ্নিত সন্ত্রাসী শহরের খালধার রোড নিকারিপাড়ার টনি (৩৩), অপু (৩২), একই এলাকার সাদ্দাম (৩২), সাগর (২৮) এবং তামিম (২৭) পানবাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। পরে তারা ক্ষিপ্ত হয়ে ওই চার পান ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করে। এ সময় সেখানে থাকা একটি পিকআপের চাকায় একাধিক ছুরিকাঘাত করে ক্ষতিগ্রস্থ হরে। পরে জথম প্রাপ্ত ব্যবসায়ীদের চিৎকারে অন্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান সদর পুলিশ ফাঁড়ির এসআই আল-আমিন। তিনি জানিয়েছেন, হামলায় কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত, বিরোধ কী নিয়ে তা অনুসন্ধান করা হচ্ছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিশ তথ্য সংগ্রহ করে অভিযান চালাচ্ছে।





