তিন বছরের চুক্তিতে পিএসজিতে মেসি, বেতন নেইমারের চেয়ে বেশি!
স্পোর্টস ডেস্ক॥ ফুটবল বিশ্বকে আরও একবার চমকে দিতে যাচ্ছেন লিওনেল মেসি। ভবিষ্যৎ ঠিকানা হিসেবে তিনি বেছে নিতে যাচ্ছেন পিএসজিকে। বৃহস্পতিবার বার্সেলোনা ছাড়ার ঘোষণা আসার পর থেকে মেসিকে পেতে কোমর বেধে নেমেছে ফরাসি জায়ান্টরা। ক্লাবটির মালিক কাতারের আমির নাসির আল খেলাইফির ভাইও নিজের অফিশিয়াল টুইটারে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিয়েছেন। এবার স্প্যানিশ গণমাধ্যম মার্কাও জানাচ্ছে, সম্ভাব্য ঠিকানা হিসেবে পার্ক দে প্রিন্সেসে যাচ্ছেন মেসি। যেখানে তিনি ফের সতীর্থ হিসেবে পাবেন বন্ধু নেইমারকে। মার্কা জানিয়েছে, মেসিকে পেতে সংকল্পবদ্ধ হয়ে মাঠে নেমেছে পিএসজি। আর্জেন্টাইন ফরোয়ার্ডও ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ রানার্স-আপদের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী। এল’ইকুইপের বরাতে মার্কা আরও জানায়, মেসির সঙ্গে তিন বছরের চুক্তি করতে প্রস্তুতি নিয়ে রেখেছে পিএসজি। তার মধ্যে চুক্তির শেষ এক বছর বিকল্প হিসেবে ধরে রেখেছে তারা। চুক্তি অনুযায়ী ৩৪ বছর বয়সী তারকা বাৎসরিক আয় করবেন ৪০ মিলিয়ন ইউরো। যা নেইমারের চেয়ে ৫ মিলিয়ন ইউরো বেশি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজিতে বাৎসরিক আয় করেন ৩৫ মিলিয়ন ইউরো। এল’ইকুইপ আরও জানিয়েছে, রবিবারের মধ্যেই পিএসজি ও মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। এর আগে খেলাইফির ভাইও জানিয়েছেন, চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা যেকোনো সময় আসতে পারে।
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক॥ মিস হলো পেনাল্টি। পোস্ট দুই দলের পথ আগলে দাঁড়াল একাধিকবার। ঘটনাবহুল ম্যাচে স্পেনকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে দিল ব্রাজিল। ধরে রাখল অলিম্পিকসের পুরুষ ফুটবলের সোনার মুকুটও। টোকিওর নিশান স্টেডিয়ামে শনিবার ফাইনালে ২-১ গোলে জিতে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে মাথেউস কুইয়া ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল। শেষে গিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন মালকম। অলিম্পিকসে ফুটবলে এ নিয়ে দ্বিতীয় সোনা জিতল ব্রাজিল। নিজেদের আঙিনায় ২০১৬ সালে রিও দে জেনেইরোর আসরে প্রথম সেরা হয়েছিল তারা।
১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকসে প্রথম ও সবশেষ ফুটবলের সোনা জয়ের পর স্পেনের অপেক্ষা আরও বাড়ল। ২০০০ সালের সিডনি অলিম্পিকসে রুপা পাওয়ার ২১ বছর পর আরেকটি ফাইনালে এসে সঙ্গী হলো সোনা না পাওয়ার হতাশাই। ফাইনালে প্রথম ভালো সুযোগটি পেয়েছিল স্পেনই। ষোড়শ মিনিটে দানি ওলমোর হেড বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়াতে বসেছিলেন দিয়েগো কার্লোস। ব্রাজিলের এই ডিফেন্ডারই শেষ পর্যন্ত ছুটে গিয়ে গোললাইন থেকে ব্যাক ভলিতে বিপদমুক্ত করেন। তিন মিনিট পর দগলাস লুইসের বক্সের প্রান্ত থেকে নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান স্পেন গোলরক্ষক উনাই সিমোন। ২৫তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসনের ছয় গজ দূর থেকে বাঁ পায়ের শট বাইরের জাল কাঁপায়। ৩২ মিনিটে স্পেনের মার্কো আসেনসিওর শট আটকান ব্রাজিল গোলরক্ষক। ৩৮তম মিনিটে পেনাল্টিতে লক্ষ্যভেদে ব্যর্থ হয়ে ব্রাজিলের হতাশা বাড়ান গ্রুপ পর্বে পাঁচ গোল করা রিশার্লিসন। কুইয়াকে ডি-বক্সে গোলরক্ষক সিমোন ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। প্রথমার্ধের যোগ করা সময়ে কাক্সিক্ষত গোলের দেখা পায় ব্রাজিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে রিশার্লিসনের শট ব্লকড হওয়ার দুই মিনিট পর দানি আলভেসের পাস ধরে বক্সের একটু ওপর থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন কুইয়া। কোয়ার্টার-ফাইনালে দলের একমাত্র ও জয়সূচক গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় ব্রাজিল। ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগও পেয়েছিল তারা। কিন্তু রিশার্লিসনের শট ঝাঁপিয়ে পড়া সিমোনের গ্লাভস হয়ে পোস্টে লেগে ফিরে।
৬৩তম মিনিটে ডান দিক থেকে কার্লোস সোলেরের ক্রসে বাতাসে ভেসে থাকা বলে ওইয়ারসাবালের ভলি চোখের পলকে জাল খুঁজে নেয়। সমতার স্বস্তি ফিরে স্পেন শিবিরে।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দূর্ভাগ্যের ফেরে গোল পায়নি স্পেনও। গিল ব্রায়ানের বাঁ পায়ের শট গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর ফিরে আসে ক্রসবারে লেগে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ছিল ব্রাজিলের আধিপত্য। অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধের শুরুতে জয়সূচক গোল পেয়ে যায় দলটি। সতীর্থের লম্বা ক্রস ভায়েহোর বাধা পেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠেন মালকম। বদলি নামা এই ব্রাজিলিয়ানের শট সিমোনের পায়ে লেগে জালে জড়ায়। জয়ের উৎসবে মাতে ব্রাজিল।
বৃষ্টি বিঘিœত তৃতীয় দিন শেষে ৭০ রানে এগিয়ে ভারত
স্পোর্টস ডেস্ক॥ টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন ইংল্যান্ডের অলি রবিনসন। তবে তার বোলিং নৈপুণ্যের পরও ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে থাকল ভারত। শুক্রবার বৃষ্টি বিঘিœত দিনের শেষে ৭০ রানে এগিয়ে আছে অতিথি দল। আগের দিনের ৪ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করে ভারতের প্রথম ইনিংস থামে ২৭৮ রানে। সুবাদে ৯৫ রানের লিড পায় দলটি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা রবিনসন ৮৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন। জেমস অ্যান্ডারসন ৫৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ভারতের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। রবীন্দ্র জাদেজা খেলেন ৫৬ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটে রাহুলের সঙ্গে মূল্যবান ৬০ রান যোগ করেন তিনি। শেষ তিন উইকেটে ভারত ৭৩ রান যোগ করে। দশ নম্বরে নেমে জসপ্রিত বুমরাহ ৩৪ বলে ২৮ রান করেন। বৃষ্টিতে দিনের খেলা শেষ হওয়ার আগে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৫ রান তুলেছে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ১৮৩। ররি বার্নস ১১ ও ডম শিবলি ৯ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এটি।
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকে ইতিহাসে এলিস
স্পোর্টস ডেস্ক॥ ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার নাথান এলিস। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তিনি। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। আর অভিষেক ম্যাচেই পর পর তিন বলে নিলেন উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ক্রিকেটারের অভিষেকে হ্যাটট্রিকের প্রথম নজির এটি। এদিন টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন এলিস। তার নিজের চতুর্থ ওভার ছিল সেটি। ওই ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরান তিনি। পরের দুই বলে তুলে নেন মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসানকে। ২৬ বছর বয়সী বোলার ৩৪ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি সপ্তদশ হ্যাটট্রিক, অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয়। ওয়ানডেতে অভিষেকে হ্যাটট্রিক আছে চারজন বোলারের। বাংলাদেশের তাইজুল ইসলাম প্রথম গড়েন এই কীর্তি। এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম সাক্ষাতেই অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। এলিস হ্যাটট্রিক করলেও ম্যাচ শেষে হাসতে পারেননি তিনি। ম্যাচটি ১০ রানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
খেলা ছিল ঘরের মাঠে, এখন খেলতে হবে উজবেকিস্তানে
স্পোর্টস ডেস্ক॥ এএফসি এশিয়ান কাপ মেয়েদের ফুটবলের বাছাই পর্ব বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে তা হচ্ছে না। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নিরপেক্ষ ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে বাছাই করেছে। বাছাই পর্বে ‘জি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ইরান ও জর্ডান। আগামী ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর হবে এই বাছাই পর্ব। ফিফা কাউন্সিল ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ নিশ্চিত করেছেন বিষয়টি।
তিনি বলেছেন, ‘করোনার কারণে ইরান ও জর্ডান বাংলাদেশে আসতে রাজি হয়নি। তাই বাংলাদেশে হচ্ছে না গ্রুপ পর্ব। এএফসি নতুন ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে বাছাই করেছে। আমাদের সেখানে গিয়ে খেলতে হবে।’ তবে উজবেকিস্তানে যাওয়ার আগে নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাবিনা-কৃষ্ণারা।





