ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে বিদ্যুৎ চুরির অপরাধে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে এক লাখ ৩২ হাজার টাকা জরিমানা করেছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তিনি উপজেলার শংকরপুর ইউনিয়নের বড় পোদাউলিয়া গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে ।
বাঁকড়া সাব-জোনাল অফিস সূত্রে জানাগেছে, ৫/৬ বছর ধরে ইয়াছিন আলী তার ব্যবহৃত ৩টি মিটারের ড্রফতার ছিদ্র করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ চালিয়ে আসছিলেন। সম্প্রতি স্থানীয়দের তথ্য মোতাবেক তার বিদ্যুৎ চুরির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। অভিযান চালিয়ে চুরির ঘটনা ধরা পড়ায় তার দুটি মিটার খুলে নেয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ ঘটনায় বাঁকড়া সাব-জোনাল অফিসের বিদ্যুৎ ব্যবহারের উপরে ইয়াছিন আলীর বিরুদ্ধে বিদ্যুৎ আইনে জরিমানা করেন। কেন্দ্রের এজিএম বাসুদেব কুন্ডু জানান, বিদ্যুৎ চুরির অপরাধের তাকে ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই কিস্তিতে তিনি উক্ত টাকা পরিশোধ করবেন। প্রথম কিস্তিতে ৮২ হাজার টাকা ও একমাস পরে বাকি টাকা পরিশোধ করবেন।




