বিয়ের দু’সপ্তাহে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার ॥ বিয়ের দু’সপ্তাহের মাথায় যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে যশোরের চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মজিবর রহমানের (৫৫) বিরুদ্ধে। মরিয়ম খাতুন (২৫) নামে ভুক্তভোগী নারী এ ঘটনায় মজিবর রহমানসহ ৩ জনকে আসামি করে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ইউপি মেম্বার চাঁচড়া ইউনিয়নের তফসীডাঙ্গা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত অপর দুজন হচ্ছেন-মজিবর রহমানের প্রথম পক্ষের ছেলে সাজ্জাদ হোসেন (৩০) ও ছেলের স্ত্রী শিফা খাতুন (২৫)।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী নান্দাবড় গ্রামের আব্দুল হান্নানের মেয়ে মরিয়ম খাতুনের অভিযোগ, মজিবর রহমানের সাথে তার আগে থেকেই পরিচয় ছিলো। প্রথম স্ত্রী মারা যাওয়ায় মজিবর রহমান তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। গত ১৮ জুলাই দেড় লাখ টাকা দেনমোহরে ইসলামী শরিয়ত মোতাবেক তাকে বিয়ে করেন মজিবর রহমান। কিন্তু বিয়ের পর হতে ছেলে সাজ্জাদ হোসেন ও ছেলের স্ত্রী শিফা খাতুনের প্ররোচণায় তার স্বামী তাকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় প্রায় সময় মজিবর রহমান তাকে মারপিট করতেন, অশ্লীল ভাষায় গালি দিতেন। নতুন বিয়ে হওয়ায় কারণে তাকে নির্যাতন করা সত্বেও তিনি চুপচাপ সংসার করে আসছিলেন। এরপর গত ২৯ জুলাই বিকেলে মজিবর রহমান ফের তাকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। অপরাগতা প্রকাশ করায় মজিবর রহমান এবং তার ছেলে সাজ্জাদ হোসেন ও ছেলের স্ত্রী শিফা খাতুন তাকে এলোপাতাড়ি মারপিট করলে তিনি আহত হন। বিষয়টি তিনি মোবাইল ফোনে পিতার বাড়ির লোকজনকে জানান। এ খবর পেয়ে গত ৩০ জুলাই সকালে পিতার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, মরিয়ম খাতুনের অভিযোগটি চাঁচড়া ফাঁড়ির পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর মো. রোকিবুজ্জামান জানান, তারা এ ধরনের একটি অভিযোগ পেয়েছেন।

 

ভাগ