স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে দুই কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইটভাটা মালিকের বিরুদ্ধে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার মালিতার ছেলে কবির মালিতা (৪৫) ও তার ভাই সাইফুল ইসলাম মালিতা (৩৫)। আহতের ছোট ভাই তরিকুল ইসলাম মালিতা বলেন, উত্তর কাস্টসাগরা গ্রামের ফসলি জমির পাশে ফাইভস্টার নামে একটি ইটভাটা রয়েছে। ইটভাটার কারণে ওই এলাকার কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। সোমবার সকালে আমার ভাই কবির মালিতা নিজ জমি থেকে ট্রলিতে করে পাট নিয়ে যাচ্ছিলেন। ট্রলিটি ইটভাটার ভেতরের রাস্তা দিয়ে যাওয়ায় ভাটা মালিক জাহাঙ্গীর আলম মুছা ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের ওপর চড়াও হয়। পরবর্তীতে আমার ভাই বাড়িতে এলে মুছা, তার ভাই মাহফুজ ইটভাটার ১০/১২ জন শ্রমিক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা কবির ও সাইফুলকে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।





