শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় পানিবন্দি ক্ষুদ্ধ গ্রামবাসী কেটে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর বেড়িবাঁধ। গত এক সপ্তাহ পানিবন্দি থাকার পর রোববার দিবাগত রাতে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বটতলা পয়েন্টে বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তারা।
এলাকাবাসী জানান, গত ২৭ জুলাই থেকে তিনদিনের অতিবৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়ে উপজেলার প্রায় ৯০ ভাগ মানুষ। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধে অপরিকল্পিতভাবে স্লুইসগেট নির্মাণের কারণে পর্যাপ্ত পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে কৃষি খামার রাস্তাঘাট ও অসংখ্য বাড়িঘর পানিবন্দি থাকে। এক সপ্তাহের মধ্যে পানি নিষ্কাশন না হওয়ায় পানিবন্দি মানুষজন বাঁধ কেটে দেন।
এ ব্যাপারে ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু বলেন, ‘রাতের আঁধারে কারা বাঁধ কেটেছে তা আমার জানা নেই। তবে পানিবন্দি হাজার হাজার মানুষের রান্নাবান্না বন্ধ এবং ঘর থেকে বের হতে না পারায় তারা অতিষ্ঠ হয়ে পড়ছিলো।’
রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, ‘পানি ব্যবস্থার স্থায়ী সমাধানের জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ কষ্ট সহ্য করতে না পেরে হয়তো বাঁধ কেটেছে।’





