বিএম আসাদ ॥ করোনা ও করোনা উপসর্গে যশোরে মৃত্যুর মিছিলে আরও ৮ জন যুক্ত হয়েছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৩শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় যশোর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮৬ জন। এ নিয়ে যশোরে মোট ১৮ হাজার ৮শ’ ২৩ জন করোনায় আক্রান্ত হলেন। ১৪ হাজার ২শ’ ৭২ জন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২শ’ ৬২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২শ’ ৯৩ জনের। তবে, মৃত্যুর পর নমুনা পরীক্ষায় অনেকে আক্রান্ত প্রমাণিত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন। এ নিয়ে যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা এমওসিএস ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৪শ’ ৩৩টি নমুনায় যশোরে ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২শ’ ৮৫টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। যবিপ্রবির জেনোম সেন্টারে ১শ’ ৩৬টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং জিন এক্সপার্ট-এ ৬টি নমুনা পরীক্ষায় ৫ জন করে মোট ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
যশোরে এ পর্যন্ত ১৮ হাজার ৮শ’ ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৯ হাজার ৪শ’ ৭০টি নমুনা পরীক্ষায় তারা আক্রান্ত হন। গত ২০২০ সালের ১৪ এপ্রিল হতে করোনা রোগী শনাক্ত হয় যশোরে। ওই সময় থেকে পর্যন্ত যশোরে মোট ৩শ’ ৫১ জন করোনায় মারা গেছেন। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, যশোর সদর উপজেলার ১১ হাজার ৩শ’ ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২শ’ ১৬ জন।
অভয়নগর উপজেলার আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯শ’ ২৬ জন। মারা গেছেন ২০ জন। বাঘারপাড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪শ’ ৭ জন। মারা গেছেন ১৭ জন। চৌগাছা উপজেলায় আক্রান্ত ৭শ’ ৮১ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। ঝিকরগাছা উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪শ’ ৯ জন। মারা গেছে ২৫ জন। কেশবপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭শ’ ৪৮ জন। ২১ জন মারা গেছেন। মনিরামপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭শ’ ৪ জন। ১৭ জন মারা গেছেন। শার্শা উপজেলায় ১ হাজার ৩শ’ ১৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ জন।
চলতি বছর করোনায় আক্রান্ত ও মৃুত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এর ভেতর জুলাই-এ বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্র আরও জানিয়েছেন, করোনায় আক্রান্ত রোধ করতে যশোরে টিকা কার্যক্রম ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত যশোরে ৩ লাখ ২৫ হাজার ৪শ’ ৪২ জন টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এর ভেতর ১ লাখ ৭৪ হাজার ৪শ’ ৯৯ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮৪ হাজার ৩শ’ ৯৩ জন। গতকাল ৫ হাজার ৩শ’ ৩২ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২শ’ ৪২ জন। এ দিন ভারতফেরত যাত্রীদের ভেতর হতে ৮০টি এবং অভ্যন্তরীণ ৪’ ৯৯টি মিলে মোট ৫শ’ ৭৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।





