খুলনা ব্যুরো ॥ খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ব শত্র“তার জেরে মামাতো ভাইদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গাজীপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শেখ (৩৫) স্থানীয় বগদিয়া গ্রামের নিজাম শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ইয়াসিন শেখ কয়েক বছর আগে তার মামা শাহাজান গাজীকে কুপিয়ে মারাত্মক জখম করেন। ওই ঘটনায় অনুতপ্ত হয়ে দীর্ঘদিন পর ইয়াসিন গত রবিবার সকালে তার মামার বাড়িতে গিয়ে মামা-মামির কাছে ক্ষমা চান। ক্ষমা চেয়ে রাতে মামা বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে চন্দনীমহল গাজীপাড়ায় আগে থেকে ক্ষুব্ধ মামাতো ভাইয়েরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী সোমবার বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি। হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি। এদিকে, হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সানি (১৯) নামে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে।




