স্টাফ রিপোটার ॥ ফেসবুকে অপপ্রচারের দাবি করে দুই ভাইপোর বিরুদ্ধে জিডি করেছেন চাচা যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। সোমবার নজরুল ইসলাম তার বড় ভাই মরহুম সিরাজুল ইসলামের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি জ্যাক হাসান মিন্টু ও সেজো ভাই মরহুম রুহুল আমিনের ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান পিন্টুর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, তার ভাইপো জ্যাক হাসান মিন্টু ও সাইফুল হাসান পিন্টু তাদের নামে ও বেনামে ফেসবুক আইডিতে তার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ফেসবুক লাইভে এসে আমার নামে বল্লা গ্রামের স্বর্ণকার মিলনের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায়, সাদিপুর গ্রামের ইসহক আলীর স্ত্রী মনিরা বেগমকে ৫ বছর ধরে ধর্ষণের কথা বলেছে। এছাড়াও ফেসবুক আইডি অন্যায়ের প্রতিবাদ, আগুনে পুড়া জীবন, নির্বাসখোলা ইউনিয়ন যুবলীগ, মাইকেল মিন্টুর আইডি থেকে চেয়ারম্যানের নামে কানাইরালী গ্রামের বক্তজামানের স্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা আদায়, একই গ্রামের আবু মুছাকে মারধর, সাদিপুর গ্রামের ১০/১২ টি হিন্দু পরিবারকে উচ্ছেদ এবং তাদের জমি দখল করার অভিযোগ করে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করায় তারা চেয়ারম্যান নজরুল ইসলামকে খুন-জখমের হুমকি দিয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান কর্তৃক জিডিতে অভিযুক্ত ভাইপো জ্যাক হাসান মিন্টুর ০১৯১১৯৮৫২২৮ নাম্বারে বারবার যোগাযোগ করা হলেও ফোন রিসিফ না করায় বক্তব্য নেয়া যায়নি। তবে ইউপি চেয়ারম্যানের দাবি তার বিরুদ্ধে বিভিন্ন ফেসবুকে দেয়া অভিযোগ সত্য নয়।




