চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় ট্রাকচাপায় আম্বিয়া সুলতানা (৪১) নামে ডিভাইন গার্মেন্টস লিমিটেডের এক নারী কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কড়ইতলা নামক স্থানে ডিভাইন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার স্বরুপদহ ইউনিয়নের দিঘড়ী গ্রামের রিপন হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে রায়হান হোসেন জানান, তার মা ডিভাইন গার্মেন্টেসের নারী চেকার পদে চাকুরি করতেন। শুক্রবার সন্ধ্যায় অফিস শেষে তার খালাত ভাই হারুন অর রশীদের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। গার্মেন্টসের সামনে পৌঁছালে যশোরের দিক থেকে আসা একটি ট্রাক (যশোর-ট-১১-০২১০) পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে তার মা গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে তৎক্ষণাৎ উদ্ধার করেচৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা বলেন, একমাত্র ছেলে রায়হান উদ্দীন (২০) জন্মের পরই তার স্বামী রিপন হোসেন আম্বিয়াকে ছেড়ে চলে যান। সেই থেকে একমাত্র ছেলেকে নিয়েই তিনি বসবাস করছিলেন।
হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. তাজিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার এস আই মিজানুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।





