স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর অভয়নগরের বীর মুক্তিযোদ্ধা পুলিন বিহারী বিশ্বাস (৮৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। বীর মুক্তিযোদ্ধা পুলিন বিহারী বিশ্বাস উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা পুলিন বিশ্বাসের বড় মেয়ে বিথীকা বিশ্বাস জানান, দু’দিন আগে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তাঁর করোনা উপসর্গ দেখা দেয়। এরপর করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তাতে পজেটিভ রিপোর্ট আসে। পাশাপাশি তাঁর হার্টেও সমস্যা দেখা দেয়। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আকিজ জুট মিলের এজিএম ছিলেন। এদিন তাঁর মরদেহের শেষকৃত্য নওয়াপাড়া মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করা হয় গার্ড অব অনার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, অভয়নগর থানা পুলিশের ওসি এ কে এম শামীম হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খাঁন, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক সুনিল দাস প্রমুখ।




