মাসুদ রানা বাবু ॥ করোনার বিস্তার ও অব্যাহত মৃত্যুতে যখন সর্বমহলে আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা, তখন অসহায় মানুষের সহযোগিতায় দিনরাত কাজ করে যাচ্ছেন যশোর জেলা বিএনপির হেল্প টিমের সদস্যরা। জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে গঠিত হেল্প টিমের সদস্যরা মৃত্যুর ঝুঁকি নিয়ে কখনো হাসপাতালে কখনো নিজ গৃহে চিকিৎসাধীন করেনা রোগীর জন্যে অক্সিজেন, ঔষধ, খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন। হাসপাতালে করোনার নমুনা দিতে আসা মানুষকে সার্বিক সহযোগিতার পাশাপাশি মৃত ব্যক্তিদের সৎকারে নিয়োজিত ব্যক্তিদের সুরক্ষা সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধায়ক জেলা বিএনপির করোনা পর্যবেক্ষণ সেল পরিচালিত হচ্ছে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের এ কার্যক্রমে সহযোগিতা করছে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন। প্রতিটি উপজেলায় পর্যায় গঠন করা হয়েছে করোনা হেল্প সেল। যেটি জেলা বিএনপির কার্যালয়ে পরিচালিত হচ্ছে। দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এই পর্যবেক্ষণ সেলে সম্পৃক্ত রয়েছেন। যশোর শহর ও সদর উপজেলায় পৃথক চারটি হেল্প টিম গঠন করা হয়েছে। এই দুটি টিমের সদস্যরা পৌর ও সদর উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তিদের সেবাদান করে যাচ্ছেন। পৌর এলাকায় সেবাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দুটি হেল্প টিম। এই টিমে রয়েছেন, ইয়াসির আরাফাত, হাবিবুর রহমান হাবিবুল্লাহ, শহিদুল ইসলাম মিলন, সাইফুল বাশার সুজন, ইমরান হাসান রনি, ইমদাদ শাওন, নেওয়াজ মাহমুদ শিশির সজিব ও নাজমুল। সদর উপজেলায় কার্যক্রমে সম্পৃক্ত দুটি টিমের সদস্যরা হলেন বুলবুল চৌধুরী, মাহবুর রহমান, তোফাজ্জেল হোসেন, লিটন সরদার, মামুন হোসেন, জুবায়ের হোসেন তুষার, আবু মুসা সুমন ও শফিউল বিশ্বাস। যশোর করোনার তীব্র ঢেউয়ে যখন মানুষ ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত, প্রতি মুহূর্তে আসছে মৃত্যুর সংবাদ। সে সময় জীবনের ঝুঁকি নিয়ে মানবতার সেবায় এগিয়ে যাচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। করোনায় আক্রান্ত কোন মুমূর্ষু রোগীর অক্সিজেনের প্রয়োজন হলেই সংবাদ পাওয়া মাত্রই হেল্প টিমের সদস্যরা অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র নিয়ে হাজির হচ্ছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের বাসভবনে বিএনপির ফ্রি অক্সিজেন হেল্প সেল স্থাপন করা হয়েছে। যেখানে দায়িত্ব পালন করছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। এর বাইরে তিনি ২৫০ শয্যা হাসপাতালে নমুনা দিতে আসা ব্যক্তিদের ফরম পূরণের পাশাপাশি নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ব্যক্তিদের সহায়তা করছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলে তার ভর্তিসহ অন্যান্য কার্যক্রমে সহায়তা করছেন। করোনায় মৃত ব্যক্তিদের সৎকারে দায়িত্বরতদের সুরক্ষাসামগ্রি পৌঁছে দিচ্ছেন হেল্প টিমের সদস্যরাও। আজ বুধবার থেকে জেলা বিএনপি কার্যালয় থেকে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলের সার্বিক কার্যক্রম তদারকি করছেন সিনিয়র নেতৃবৃন্দ। ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে জেলা বিএনপির এই কার্যক্রম যশোরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। সাধারণ মানুষও সাধুবাদ জানাচ্ছেন। জেলা বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলের কার্যক্রম বিষয়ে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের কল্যাণে রাজনীতি করে আসছে। দলটি অতীতে সকল জাতীয় দুর্যোগের সময় প্রথমেই জনগণের পাশে দাঁড়িয়েছে সেবার ব্রত নিয়ে। করোনার শুরুতে বিএনপি বিগতদিনের ন্যায় জনগণের পাশে একইভাবে সেবার ব্রত নিয়ে দাঁড়ায়। সরকারের সীমাহীন ব্যর্থতা ও অব্যবস্থাপনার কারণে করোনার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই খারাপ পরিস্থিতিতে দলের প্রতিটি নেতাকর্মী মৃত্যু ঝুঁকি নিয়ে এমনকি পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে জনগণের সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে। যতদিন এই সংকট থাকবে ততদিন বিএনপির ও কার্যক্রম অব্যাহত থাকবে।





