তরুণদের বিয়ে করতে উৎসাহ দিচ্ছে যে অ্যাপ

    লোকসমাজ ডেস্ক॥ ডেটিং অ্যাপের কদর কোনো দেশেই কম নেই। তবে নতুন এক ডেটিং অ্যাপের খোঁজ পাওয়া গেল, যা গতানুগতিক নয়। এটির মাধ্যমে তরুণদের বিয়েতে উৎসাহিত করা হচ্ছে।
    সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংবাদে জানানো হয়, ‘হামদাম’ (সাথী) নামের এই অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা পছন্দের সাথীকে খুঁজতে ও বাছাই করতে পারবেন।
    ইরানের ইসলামী প্রচারণা সংস্থার নিয়ন্ত্রণাধীন তেবাইয়ান কালচারাল ইন্সটিটিউটের তত্ত্বাবধানে তৈরি এই অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) ব্যবহার করা হয়েছে।
    জানা গেছে, ‘সত্যিকার অবিবাহিত, যারা স্থায়ীভাবে বিয়ে ও একমাত্র জীবনসঙ্গীর সন্ধান করছেন’ তাদের সহায়তার জন্যই অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়েছে।
    ব্যবহারকারীকে প্রথমেই নিজের পরিচয় নিশ্চিত করতে হবে এবং ব্যবহারের আগে তাকে সাইকোলজি টেস্ট দিতে হবে। কোনো যুগলের মধ্যে সম্পর্ক ঠিক হওয়ার পর অ্যাপের এক সার্ভিস কনসালটেন্ট দুজনের পরিবারকে পরিচয় করিয়ে দেবে। বিয়ের পর ওই দম্পতিকে চার বছর সঙ্গ দেবেন ওই কনসালটেন্ট কর্মকর্তা।

    ভাগ