স্টাফ রিপোর্টার॥ যশোরে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীর প্রয়োজনে ০১৭১৫-১২৭৭১৯, ০১৭১১-২৩২৭৮৭, ০১৬১৭-০৮৯৭৮৪, ০১৭২৫-১৪৪২৮২, অথবা ০১৭১২-০৫১০৮৩ নাম্বারে ফোন দিলে ওই রোগীর বাড়িতে পৌঁছে যাবে যশোরের এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা। গতকাল রোববার থেকে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীর সেবায় আমরা আছি, আপনাদের পাশে এই শ্লোগানে ১২টি অক্সিজেন সিলিন্ডার ও ১টি অ্যাম্বুলেন্স নিয়ে এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীদের মানবসেবার যাত্রা শুরু হয়েছে। যশোর পৌর মেয়র হায়দার গনি খাঁন পলাশ তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার সচিব আজমল হোসেন, কাউন্সিলর ও এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থী রাজিবুল আলম, আরিফুজ্জামান, তৌফিকুল ইসলাম শাহিন, রিয়াদ রহমান, কাজী শাহেদ নেওয়াজ, কামাল হোসেন খোকন প্রমুখ। এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামানের রেলগেট তেঁতুলতলাস্থ বাড়িতে অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। সেখান থেকে আক্রান্ত রোগীর স্বজনরা কল দিলেই তাদের বাড়িতে এই সেবা পৌঁছে যাবে।




