খুলনার চার হাসপাতালে একদিনে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি॥খুলনার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালে একদিনে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ২৩ জন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মারা গেছেন।
এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃতদের ১৫ জনই খুলনার। এছাড়া যশোরের চার জন এবং বাগেরহাট ও নড়াইলের দুই জন করে রয়েছেন।
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে করোনায় সাত জন ও উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। করোনায় মৃতরা হলেন—খুলনা সদরের হোসনেয়ারা (৫৫), আবুল কালাম (৪৬) ও রোকেয়া (৬০), খুলনার রূপসার বাবুল (৫০), যশোরের জুলেখা (৫৭), বাগেরহাটের কুমুদ মণ্ডল (৭৮) ও নড়াইলের পুস্পরানী (৬০)।
তিনি আরও জানান, হাসপাতালে ১৮৫ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রেড জোনে ১২৬ জন, ইয়োলো জোনে ৩১ জন, আইসিইউতে ১৯ জন ও এইচডিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩৯ জন।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন—খুলনার ডুমুরিয়ার বিষ্ঞু মণ্ডল, ডুমুরিয়ার আবেদা (৬৫), রূপসার মর্জিনা বেগম (৬৫), দিঘলিয়ার আবুল হাকিম (৪৫), খুলনা সদরের রুবিনা (৫০), যশোরের অভয়নগরের কুলসুম বেগম (৭০), ফাতেমা বেগম (৭৫), খালিশপুরের সেলিম শিকদার (৫৮), কমিশনার রোডের মোস্তফা (৪০) ও ঝিকরগাছার আনোয়ারা (৪৫)।
তিনি আরও জানান, হাসপাতালে ১২৯ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন। আর ছাড়পত্র নিয়েছেন ২১ জন। আইসিইউতে আট জন ও এইচডিইউতে ১০ জন ভর্তি রয়েছেন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকার মমতাজ বেগম (৩৫), মিয়াপাড়ার শামীম আরা (৬০), রূপসার মোজাফফর শেখ (৬০), একই উপজেলার হানিফ মোড়ল (৬৫) ও নড়াইলের মুলতাহির এলাকার রামেসা খাতুন (৭৫)।
তিনি আরও জানান, করোনা ইউনিটে ৭১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। ছাড়পত্র নিয়েছেন ১৬ জন।
আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ইউসুফ আলী (৭০) নামের একজন মারা গেছেন। তার বাড়ি বাগেরহাটে। ভর্তি আছেন ৪৫ জন করোনা রোগী। তাদের মধ্যে আইসিইউতে ১০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচ জন। ছাড়পত্র নিয়েছেন তিন জন।

ভাগ