তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা চৌগাছায়

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় লকডাউনের মঙ্গলবার ষষ্ঠ দিনে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল। অতি প্রয়োজন ছাড়া এ দিন পৌর সদরে মানুষের চলাচল তেমন একটা দেখা যায়নি। তবে অন্যদিনের মত খুব সকাল থেকেই পৌর সদরসহ উপজেলার প্রত্যন্ত গ্রাম ও বাজার এলাকাতে প্রশাসন ও আইনশঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
সকাল ১০ টার দিকে চৌগাছা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল জোরদার করেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। এ সময় বিনা কারণে মোটরসাইকেলে বাজার ঘুরতে বের হওয়া তিন আরোহীকে পাঁচ’শ টাকা করে মোট ১৫’শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এনামুল হক। অর্থদ-প্রাপ্তরা হলেন-চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের তবিবর রহমান, খুলনার হর্দা এলাকার গোবিন্দ কুমার ও তাহেরপুর গ্রামের তবিবর রহমান। এরপর বেলা ১১ টার দিকে নির্বাহী অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়ারপাড়া, সিংহঝুলী, মশিউরনগর, ঝাউতলা, নিমতলা, আফরা, সলুয়া বাজারসহ বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে লকডাউন বাস্তবায়নে কাজ করেন।
নির্বাহী অফিসার মোঃ এনামুল হক জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন শহর ও শহরতলীতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। বিনা কারণে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হওয়ায় তিন আরোহীকে জরিমানা করা হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে তিনি সকলকে আবারও ঘরে থাকার নির্দেশনা দেন।

ভাগ