বৃটেন ও ভারত থেকে জার্মানিতে প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

লোকসমাজ ডেস্ক॥ শিথিল করা হয়েছে ভারত ও বৃটেন থেকে জার্মানিতে প্রবেশের নিষেধাজ্ঞা। কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় বৃটেন, ভারত, পর্তুগালসহ বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল জার্মানি। তবে বুধবার থেকে সেটি শিথিল করা হয়েছে। এ খবর দিয়েছে ডয়চে ভেলে। যদিও দেশটিতে এখনো ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের অনুপাত বাড়ছেই। তারপরেও বৃটেন, ভারত, নেপাল, রাশিয়া ও পর্তুগালে ডেল্টার প্রকোপ কিছুটা কমায় জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট সবচেয়ে ঝুকিপূর্ণ তালিকা থেকে এই দেশগুলির নাম সরিয়ে নিয়েছে। ফলে জার্মান নাগরিকরা ছাড়াও এসব দেশের বাকি মানুষও জার্মানিতে প্রবেশ করতে পারবেন।
যদিও জানিয়ে দেয়া হয়েছে, যারা এসব দেশ থেকে আসবেন এখনো তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।
তবে ভ্যাকসিন নেয়া হয়ে গেলে এই ঝামেলাও থাকছে না। এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান গত সপ্তাহেই এমন পূর্বাভাষ দিয়েছিলেন। দেশটিতে এখন করোনায় আক্রান্ত মানুষের মধ্যে ডেল্টার অনুপাত বাড়ছে। তবে জার্মানিতে সার্বিক করোনা সংক্রমণের হার কমে চলেছে। প্রতি এক লাখ মানুষের মধ্যে গড় সাপ্তাহিক সংক্রমণের হার এখন পাঁচেরও কম। যদিও বিশেষজ্ঞদের দাবি, বেশিদিন হয়তো এমন সফলতা আর ধরে রাখা যাবে না।

ভাগ