খুলনা প্রতিনিধি॥ খুলনা জেলার সরকারি-বেসরকারি চারটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জন রোগী মারা গেছেন। সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এদের মৃত্যু হয়। এর মধ্যে ১২ জন করোনা পজিটিভ ও ৫ জন করোনা উপসর্গের রোগী। মৃত করোনা পজিটিভদের মধ্যে খুলনার রয়েছেন ৯ জন, বাগেরহাটের দুই ও যশোরের একজন।
এদিকে সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনার চার হাসপাতালের ৪৪৫ বেডে ৪১০ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। এ হিসেবে ৯২ শতাংশ বেড পূর্ণ আছে। খালি আছে ৮ শতাংশ বেড।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানের ২০০ বেডে ১৮৭ জন পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। রেড জোনে ১১৭ জন পজিটিভ, ইয়োলো জোনে ৩০ জন উপসর্গের রোগী, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ জন করে পজিটিভ ভর্তি রয়েছেন। ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও ছাড়পত্র নিয়েছেন ৪৫ জন। এ সময়ে মারা গেছেন ১০ জন। এর মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ও পঁচ জন করোনা উপসর্গের রোগী।
এরআগে, রবিবার (৪ জুলাই) খুলনার তিনটি হাসপাতালে ১৫ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, এখানের ১২০ বেডে ১১৯ জন পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হন ২৭ জন। আর ছাড়পত্র নিয়েছেন ১৯ জন। আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৯ জন। এইচডিইউতে রয়েছেন আট জন। গত ২৪ ঘণ্টায় ৬৩ নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন চার জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালের ৪৫ বেডের বিপরীতে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৪১ জন করোনা পজিটিভ রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে পুরুষ ১৮ ও মহিলা ১৩ জন। আইসিইউতে রয়েছেন ১০ জন। মারা গেছেন একজন।
খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন ভর্তি হয়েছেন ১২ জন। পুরুষ সাত ও নারী পাঁচ জন। ছাড়পত্র নিয়েছেন ১২ জন। মারা গেছেন দুই জন। এখানপর ৮০ বেডে সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন আছেন ৬৩ জন।





