সাতক্ষীরা প্রতিনিধি॥সাতক্ষীরায় নিজ ঘরে আইসোলেশনে থাকা এক করোনা রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই পাওয়া গেছে চিরকুট। এতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
শনিবার (০৩ জুলাই) কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের বাড়ি থেকে শেখ আজগর আলী (৫৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি ইলিশপুর গ্রামের শেখ জালালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল জানান, সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে আজগর কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। লাশের পাশে একটা চিরকুট পাওয়া গেছে। এতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন তার বাড়িতে ছেলে ও ছেলের বউদের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। করোনা পজিটিভ হওয়ার পর ঝগড়ার মাত্রা বেড়ে যায়। হয়তো এ কারণেই আজগর আত্মহত্যা করেছেন বলে জানান প্রতিবেশীরা।





