সাতক্ষীরায় আরও ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি॥সাতক্ষীরায় করোনায় ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে দুই নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা পৌর শহরের সুলতানপুর এলাকার মৃত সামাদ সরদারের ছেলে সেলিম মাহমুদ, রসুলপুর এলাকায় মাহমুদের ছেলে মেহেরবান (৩৪), শ্যমনগরের চন্ডিপুর গ্রামের আফসার গাজীর স্ত্রী মেহরুনন্নেসা (৬৫), কালিগঞ্জের খানজিয়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী আলেয়া বেগম ও সদরের নুনগোলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে খোদা বক্স।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নার ও করোনা ইউনিটে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় করোনায় ৭৪ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫৯ জন।
এদিকে সাতক্ষীরায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। ১৬৪টি নমুনা পরীক্ষা করে ২৯টি পজিটিভ এসেছে। শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় তিন হাজার ৫০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৪৩৬ জন, মারা গেছেন ৭৪ জন; উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৫৯ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ৮২০ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০ জন।

ভাগ