স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার আড়পাড়া সাহাপুরে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মেহেদি হাসানের স্ত্রী সাবরিনা সিদ্দিকী ৬ জনকে আসামি করে মামলাটি করেছেন।
আসামিরা হলেন-আড়পাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে রিন্টু হোসেন (২০), শাহাদৎ হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), ইমরাত হোসেনের ছেলে সাকিব হোসেন (২১) ও রাসেল হোসেন (২২), রেজাউল ইসলামের ছেলে মজনু হোসেন এবং আজিবরের ছেলে রাশেদ হোসেন (২১)।
সাবরিনা সিদ্দিকীর অভিযোগ, গত ৩০ জুন সন্ধ্যায় তার চাচাতো দেবর সবুজের (১৯) সাথে মোবাইলে গেম খেলা নিয়ে আসামিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারলে সে আহত হয়। এরপর বাড়ি ফিরে সবুজ তার চাচাতো ভাই মেহেদি হাসানকে জানায়। পরে মেহেদি হাসান একই গ্রামের জনৈক ইউসুফ ফকিরের বাড়ির সামনে আসামিদের পেয়ে সবুজকে মারপিটের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে তাকে মারপিট করলে তিনি গুরুতর জখম হন। স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসকের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।





