লোকসমাজ ডেস্ক॥গত এক মাসে রাজধানী ঢাকায় সরকারি হিসাবে করোনায় মারা গেছেন ৩৪৬ জন। এদের মধ্যে মাত্র ১২ জনের লাশ দাফন হয়েছে রাজধানীতে। বাকি সবার মরদেহে নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাড়িতে।
শুধু ঢাকাতেই গত এক সপ্তাহে করোনায় মারা গেছেন ৯৯ জন। মৃতের তুলনায় দাফনের সংখ্যা কম হওয়ায় নগরীর কবরস্থানগুলোতে চাপ কমেছে। দুই সিটি করপোরেশনের কবরস্থানগুলো ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বর্তমানে রাজধানীর দুই সিটি করপোরেশনে ৯টি কবরস্থান আছে। তিনটি দক্ষিণে ও ছয়টি উত্তরে। দক্ষিণের তিনটি হচ্ছে- আজিমপুর, জুরাইন ও খিলগাঁও কবরস্থান। উত্তরে আছে-উত্তরা ৪নং সেক্টর, ১২নং সেক্টর, বনানী, খিলগাঁও-তালতলা, মিরপুর শহীদ বুদ্ধিজীবী ও রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান। নয়টি কবরস্থানের মধ্যে শুধু রায়েরবাজার কবরস্থানের নির্ধারিত কয়েকটি ব্লকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের লাশ দাফনের অনুমতি রয়েছে।
জানতে চাইলে রায়েরবাজার কবরস্থানের সিনিয়র মোহরার আব্দুল আজিজ বলেন, ‘গত জুনের ১ তারিখ থেকে ২০ জুন পর্যন্ত মাত্র একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মানুষের লাশ এসেছে। ২১ জুন থেকে আজ শুক্রবার পর্যন্ত এসেছে ১১টি। সব মিলিয়ে ১২ দিনে ১২টি মরদেহ দাফন করা হয়েছে। আগের চেয়ে এখানে এখন করোনা রোগীর লাশ কম আসছে।’
তিনি আরও বলেন, আমাদের আর কোনও কবরস্থানে করোনা রোগীর লাশ দাফনের অনুমতি নেই। তবে বনানী ও মিরপুর কবরস্থানসহ যেসব কবরস্থানে কারও কবর কেনা রয়েছে তখন কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাফন করা হয়। তবে এ সংখ্যা হাতেগোনা।
বনানী কবরস্থানের সিনিয়র মোহরার আব্দুল হান্নান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মোহরার মো. সানোয়ার হোসেন, খিলগাঁও তালতলা কবরস্থানের মোহরার মো. ফেরদৌস, দক্ষিণ সিটির আজিমপুর কবরস্থানের মোহরার মাওলানা হাফিজুর রহমান, জুরাইন কবরস্থানের মোহরার মো সাত্তার ও খিলগাঁও কবরস্থানের মোহরার মো. কবির; সবাই জানালেন, তাদের কবরস্থানে করোনা রোগীর লাশ দাফন হয় না। কেউ এমন লাশ নিয়ে এলে আমরা রায়েরবাজার নিয়ে যেতে বলি।
এ বিষয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আগে শুধু রায়েরবাজার কবরস্থানে করোনা রোগীর দাফনের অনুমতি ছিল। ঢাকা থেকে গ্রামে লাশ নেওয়ার অনুমতি ছিল না। এখন গ্রামেও লাশ দাফনের অনুমতি রয়েছে। সে কারণে রায়েরবাজারে চাপ অনেক কম।’





